আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

৮- তালাক ও আনুষঙ্গিক অধ্যায়

হাদীস নং: ৫৭৯
- তালাক ও আনুষঙ্গিক অধ্যায়
গর্ভবতী স্ত্রী তালাকপ্রাপ্তা হলে বা স্বামী মারা গেলে তার ইদ্দাত।
৫৭৯। ইবনে উমার (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, কোন স্ত্রীলোক তার পেটের বাচ্চা প্রসব করার সাথে সাথে হালাল হয়ে যায় (ইদ্দাত শেষ হয়ে যায় এবং নতুন স্বামী গ্রহণ করতে পারে)।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এই মত গ্রহণ করেছি। স্বামী তালাক দিক অথবা মারা যাক, উভয় অবস্থায় বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে স্ত্রীর ইদ্দাত শেষ হয়ে যায়। ইমাম আবু হানীফারও এই মত।**
كتاب الطلاق
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: «إِذَا وَضَعَتْ مَا فِي بَطْنِهَا حَلَّتْ» ، قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ فِي الطَّلاقِ وَالْمَوْتِ جَمِيعًا، تَنْقَضِي عِدَّتُهَا بِالْوِلادَةِ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ رَحِمَهُ اللَّهُ تَعَالَى

হাদীসের তাখরীজ (সূত্র):

** গর্ভাবস্থায় স্ত্রীকে তালাক দেয়া হলে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে তার ইদ্দাত শেষ হয়ে যাবে। এ ব্যাপারে সমস্ত বিশেষজ্ঞ আলেম একমত। কিন্তু গর্ভাবস্থায় স্বামী মারা গেলে তার ইদ্দাতের সময়সীমা নিয়ে মতভেদ আছে। স্বামী মারা গেলে ইদ্দাতের সময়সীমা সাধারণত চার মাস দশ দিন (সূরা বাকারাঃ ২৩৪)। হযরত আলী (রা) ও ইবনে আব্বাস (রা)-র মতে বিধবা গর্ভবতীর ইদ্দাত হচ্ছে ‘চার মাস দশ দিন অথবা সন্তান প্রসবের সময়' এই দুইটি মেয়াদের মধ্যে দীর্ঘতর মেয়াদটি । কিন্তু চার ইমামসহ প্রায় সকল ফিকহবিদের মতে গর্ভবতী তালাকপ্রাপ্তা ও বিধবার ইদ্দাত সন্তান প্রসব হওয়া পর্যন্ত। বিপুল সংখ্যক সাহাবীরও এই মত (অনুবাদক)।
tahqiqতাহকীক:তাহকীক চলমান