আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

৬- হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ৪৭৯
- হজ্ব - উমরার অধ্যায়
রুকনসমূহ চুমা দেয়া বা স্পর্শ করার বর্ণনা।
৪৭৯। আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেনঃ হে আয়েশা! তুমি কি দেখছো না, তোমার জাতির লোকেরা যখন কাবাঘর পুনর্নির্মাণ করে, তখন হযরত ইবরাহীম (আ)-এর ভিত্তির উপর তা নির্মাণ করেনি। আয়েশা (রাযিঃ) বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল! তাহলে আপনি তা পুনরায় ইবরাহীম (আ)-এর ভিত্তির উপর স্থাপন করছেন না কেন? তিনি বলেনঃ তোমার জাতির লোকেরা যদি নওমুসলিম না হতো তবে (আমি তা ইবরাহীম (আ)-এর ভিত্তির উপর পুনর্নির্মাণ করতাম)। (অধস্তন রাবী) আব্দুল্লাহ ইবনে মুহাম্মাদ (রাহঃ) বলেন, আব্দুল্লাহ ইবনে উমার (রাযিঃ) বললেন, আয়েশা (রাযিঃ) যদি একথা রাসূলুল্লাহ ﷺ -এর নিকট শুনে থাকেন, তবে এই বর্ণনা থেকে জানা যায় যে, রাসূলুল্লাহ ﷺ হাতীম সংলগ্ন রুক্‌নে শামী ও রুকনে ইরাকী স্পর্শ করতেন না বা চুমা দিতেন না। কেননা এ সময় কাবাঘর ইবরাহীম আলাইহিস সালামের ভিতের উপর নির্মিত ছিলো না।**
كتاب الحج
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا ابْنُ شِهَابٍ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ مُحَمَّدِ بْنِ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَخْبَرَ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ، عَنْ عَائِشَةَ، أَنّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " أَلَمْ تَرَيْ أَنَّ قَوْمَكِ حِينَ بَنَوُا الْكَعْبَةَ اقْتَصَرُوا عَنْ قَوَاعِدِ إِبْرَاهِيمَ عَلَيْهِ السَّلامُ؟ قَالَتْ: فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، أَفَلا تَرُدَّهَا عَلَى قَوَاعِدِ إِبْرَاهِيمَ؟ قَالَتْ: فَقَالَ: لَوْلا حِدْثَانُ قَوْمِكِ بِالْكُفْرِ، قَالَ: فَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ: لَئِنْ كَانَتْ عَائِشَةُ سَمِعَتْ هَذَا مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا أَرَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَرَكَ اسْتِلامَ الرُّكْنَيْنِ اللَّذَيْنِ يَلِيَانِ الْحَجَرَ إِلا أَنَّ الْبَيْتَ لَمْ يَتِمَّ عَلَى قَوَاعِدِ إِبْرَاهِيمَ عَلَيْهِ السَّلامُ

হাদীসের তাখরীজ (সূত্র):

** রাসূলুল্লাহ ﷺ -এর নবুওয়াত প্রাপ্তির পাঁচ বছর পূর্বে কুরাইশগণ কাবাঘর ভেঙ্গে পুনর্নির্মাণ করার উদ্যোগ নেয়। এ সময় কাবাঘর হযরত ইবরাহীম (আ)-এর বানানো ভিতের উপর ছিলো। এর গাঁথুনি ছিলো পাথরের, কিন্তু দেয়াল উঁচু ছিলো না। তার দু'টি দরজা ছিলো এবং উপরে ছাদ ছিলো না । কুরাইশরা তার দেয়াল উচু করে তৈরি করে, উপরে কাঠ ও পাথর দিয়ে ছাদ নির্মাণ করে এবং একটি মাত্র দরজা রাখে। রাসূলুল্লাহ ﷺ -এর যুগ থেকে খিলাফতের যুগ পর্যন্ত তা এই অবস্থায়ই ছিলো। আবদুল্লাহ ইবনে যুবায়ের (রা) তার শাসনামলে কাবাঘর ভেঙ্গে তা পুনরায় ইবরাহীম (আ)-এর ভিতের উপর নির্মাণ করেন। অতঃপর উমাইয়া-রাজ আবদুল মালেক ইবনে মারওয়ান তা ভেঙ্গে পুনরায় কুরাইশদের ভিতের উপর এবং তাদের কাঠামোতে নির্মাণ করেন। বর্তমানে কাবাঘর এই কাঠামোতেই আছে (অনুবাদক)।
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)