আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

৩- জানাযা-কাফন-দাফন সম্পর্কিত অধ্যায়

হাদীস নং: ৩০৫
- জানাযা-কাফন-দাফন সম্পর্কিত অধ্যায়
মৃত ব্যক্তির কাফন।
৩০৫। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস (রাযিঃ) বলেন, মৃত ব্যক্তির কাফনে জামা ও লুঙ্গি পরাবে এবং তৃতীয় কাপড়টি চাদর হিসাবে ব্যবহার করবে। যদি তিনখানা কাপড় সংগ্রহ করা সম্ভব না হয় তবে একটি কাপড়ই যথেষ্ট।**
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এই নিয়ম গ্রহণ করেছি। লুংগিকে চাদরের মতোই দ্বিতীয় কাপড় হিসাবে ব্যবহার করা (লুঙ্গি হিসাবে নয়) আমাদের কাছে পছন্দনীয়। মৃতের কাফনে দু'টি কাপড়ের কম দেয়া আমাদের কাছে পছন্দনীয় নয়। তবে প্রয়োজন বশত এক কাপড়ে কাফন দেয়া যেতে পারে। ইমাম আবু হানীফা (রাহঃ)-রও এই মত।
أبواب الجنائز
بَابُ: مَا يُكَفَّنُ بِهِ الْمَيِّتُ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا ابْنُ شِهَابٍ الزُّهْرِيُّ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ، أَنَّهُ قَالَ: «الْمَيِّتُ يُقَمَّصُ وَيُؤَزَّرُ، وَيُلَفُّ بِالثَّوْبِ الثَّالِثِ، فَإِنْ لَمْ يَكُنْ إِلا ثَوْبٌ وَاحِدٌ كُفِّنَ فِيهِ» ، قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، الإِزَارُ بِجَعْلِ لِفَافَةٍ مِثْلَ الثَّوْبِ الآخَرِ أَحَبُّ إِلَيْنَا مِنْ أَنْ يُؤَزَّرَ، وَلا يُعْجِبُنَا أَنْ يَنْقُصَ الْمَيِّتُ فِي كَفَنِهِ مِنْ ثَوْبَيْنِ إِلا مِنْ ضَرُورَةٍ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ رَحِمَهُ اللَّهُ

হাদীসের তাখরীজ (সূত্র):

** শাফিঈ ও হাম্বলী মাযহাবমতে মৃত ব্যক্তিকে তিনটি চাদরে কাফন দিতে হবে। এর মধ্যে জামাও থাকবে না, লুঙ্গিও থাকবে না। কেননা হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাকে ইয়ামনের তৈরী তিন খণ্ড সাদা সুতী কাপড়ের কাফন দেয়া হয়েছিল। তার মধ্যে লুঙ্গি ও পাগরী ছিলো না (সিহাহ সিত্তা ও অন্যান্য হাদীস গ্রন্থ)। হানাফী ও মালেকী মাযহাবমতে জামাও কাফনের অন্তর্ভুক্ত। কেননা জাবের (রা) থেকে বর্ণিত আছে যে, নবী ﷺ -কে তিন কাপড়ে কাফন দেয়া হয়েছিলঃ জামা (قميص), লুঙ্গি (ازار) ও চাদর (لفافة) (ইবনে আদীর আল-কামেল গ্রন্থ)। কিন্তু এ হাদীসের অধস্তন রাবী নাসিহ্ ইবনে আবদুল্লাহ আল-কূফী একজন সমালোচিত ব্যক্তি । ইবনে আব্বাস (রা) বলেন, “রাসূলুল্লাহ ﷺ -কে তিন কাপড়ে কাফন দেয়া হয়ঃ যে জামা পরিহিত অবস্থায় তিনি ইন্তেকাল করেন এবং আরো দু'টি কাপড় (একটি লুঙ্গি, অপরটি চাদর) (আবু দাউদ)। কিন্তু এ হাদীসের অধস্তন রাবী ইয়াযীদ ইবনে আবু যিয়াদও সমালোচনায় আহত।

অভাবের কারণে দুই কাপড়ে কাফন দেয়া যেতে পারে, এমনকি এক কাপড়েও। হযরত আবু বাকর (রা) মৃত্যুশয্যায় থাকাকালে বলেন, “আমার পরিধানের এই কাপড় দু'টি ধুয়ে তা দিয়েই আমাকে কাফন দিবে" (মুসনাদে আহমাদ, মুওয়াত্তা ইমাম মালেক, মুসনাদে আবদুর রায্যাক, ইবনে সাদ)।
অধিকাংশ হানাফী আলেম এবং শাফিঈ মাযহাবমতে তিনের অধিক কাপড়ে কাফন দেয়া মাকরূহ নয়, তবে শর্ত হচ্ছে বেজোড় সংখ্যক হতে হবে। ইবনে উমার (রা) তার এক ছেলেকে পাঁচ কাপড়ে কাফন দিয়েছেনঃ জামা, পাগড়ী এবং তিনটি চাদর (বায়হাকী)। কিন্তু তিন কাপড়ে কাফন দেয়াই সর্বোত্তম (অনুবাদক)।
tahqiqতাহকীক:তাহকীক চলমান