আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
২- নামাযের অধ্যায়
হাদীস নং: ১৪২
- নামাযের অধ্যায়
নামাযের মধ্যে ভুল হয়ে গেলে।
১৪২। আতা ইবনে ইয়াসার (রাহঃ) বলেন, আমি আব্দুল্লাহ ইবনে আমর (রাযিঃ) এবং কার আল-আহব্বার (রাহঃ)-র কাছে জিজ্ঞেস করলাম, এক ব্যক্তি সন্দেহে পড়ে গেছে যে, সে তিন রাকআত পড়েছে না চার রাকআত? তারা উভয়ে বলেন, সে দাঁড়িয়ে গিয়ে আরো এক রাকআত নামায পড়ার পর দু'টি সাহু সিজদা করবে।**
أبواب الصلاة
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا عَفِيفُ بْنُ عَمْرِو بْنِ الْمُسَيِّبِ السَّهْمِيُّ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، قَالَ: سَأَلْتُ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرِو بْنِ الْعَاصِ وَكَعْبًا عَنِ الَّذِي يَشُكُّ كَمْ صَلَّى ثَلاثًا، أَوْ أَرْبَعًا، قَالَ: فَكِلاهُمَا قَالا: «فَلْيَقُمْ وَلْيُصَلِّ رَكْعَةً أُخْرَى قَائِمًا ثُمَّ يَسْجُدْ سَجْدَتَيْنِ إِذَا صَلَّى»
হাদীসের তাখরীজ (সূত্র):
** সালাম ফিরানোর পূর্বে সাহু সিজদা করা অথবা সালামের পরে করা-উভটিই হাদীস থেকে প্রমাণিত। ইমাম শাফিঈর মতে যে কোন অবস্থায় সালামের পূর্বে সাহু সিজদা করতে হবে। ইমাম মালেক উভয় প্রকারের হাদীসের মধ্যে সামঞ্জস্য বিধান করে বলেন, ভুল বশত নামায কম হয়ে গেলে সালাম ফিরানোর পূর্বে সাহু সিজদা করবে। আর যদি ভুল বশত নামায অতিরিক্ত হয়ে যায়, তবে সালাম ফিরানোর পর সাহু সিজদা করবে। ইমাম আবু হানীফার মতে যে কোন প্রকার ভুলের জন্য শেষ রাকআতে তাশাহ্হুদ পড়ার পর একদিকে সালাম ফিরিয়ে সাহু সিজদা করবে। অতঃপর পুনরায় তাশাহহুদ ও দরূদ পাঠ করার পর সালাম ফিরিয়ে নামায শেষ করবে। হানাফী আলেমগণ আবু দাউদে আবদুল্লাহ ইবনে মাসঊদ ও ইমরান ইবনে হুসাইন (রা)-র সূত্রে বর্ণিত হাদীস নিজেদের মতের স্বপক্ষে দলীল হিসাবে গ্রহণ করেছেন। রাসূলুল্লাহ ﷺ বলেছেনঃ তুমি নামাযে থাকা অবস্থায় যদি সন্দেহে পড়ে যাও যে, তুমি তিন রাকআত পড়েছো না চার রাকআত এবং তোমার প্রবল ধারণা হচ্ছে যে, তুমি চার রাকআত পড়েছো তবে তুমি তাশাহ্হুদ পড়ো এবং সালাম ফিরানোর পূর্বে বসা অবস্থায় দু'টি সিজদা করো। অতঃপর পুনরায় তাশাহ্হুদ পড়ে সালাম ফিরাও। (তবে আবু দাউদের মতে এটা সনদসূত্র কর্তিক হাদীস এবং আবু উবাইদা এ হাদীস ইবনে মাসউদ (রা)-র কাছে শুনেননি)। ইমরান ইবনে হুসাইন (রা)-র হাদীসে বলা হয়েছে “রাসূলুল্লাহ ﷺ নামায পড়ালেন। তিনি নামাযে ভুল করলেন। অতএব তিনি দু'টি সিজদা করলেন, অতঃপর তাশাহ্হুদ পড়লেন, অতঃপর সালাম ফিরালেন" (অনুবাদক)।