আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ

৪৯. রাসূলুল্লাহ ﷺ এর হুলিয়া মুবারক

হাদীস নং: ১৭১০
রাসূলুল্লাহ ﷺ এর হুলিয়া মুবারক
৪. বাম হাতে খাওয়া নিষেধ প্রসঙ্গ
রেওয়ায়ত ৫. জাবির ইবনে আব্দুল্লাহ (রাযিঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) বাম হাতে খাইতে নিষেধ করিয়াছেন। তিনি এক জুতা পরিধান করিয়া চলিতে, এক কাপড়ে নিজেকে ঢাকিয়া লইতে যাহাতে লজ্জাস্থানে কোন কাপড় না থাকে নিষেধ করিয়াছেন।
كتاب صفة النبي صلى الله عليه وسلم
النَّهْيِ عَنْ الْأَكْلِ بِالشِّمَالِ
وَحَدَّثَنِي عَنْ مَالِك عَنْ أَبِي الزُّبَيْرِ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ السَّلَمِيِّ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى أَنْ يَأْكُلَ الرَّجُلُ بِشِمَالِهِ أَوْ يَمْشِيَ فِي نَعْلٍ وَاحِدَةٍ وَأَنْ يَشْتَمِلَ الصَّمَّاءَ وَأَنْ يَحْتَبِيَ فِي ثَوْبٍ وَاحِدٍ كَاشِفًا عَنْ فَرْجِهِ

হাদীসের ব্যাখ্যা:

আরবদের মধ্যে কাপড় পরিধানের কয়েকটি পদ্ধতি প্রচলিত ছিল এবং এগুলোর জন্য তাদের ভাষায় কিছু নির্দিষ্ট শব্দমালা ছিল। যেমন, একটি পদ্ধতি এই ছিল যে, সারা শরীরে একটি চাদর এভাবে জড়িয়ে নিল যে, সবদিক বন্ধ হয়ে গেল এবং সে এভাবে বন্ধ হয়ে গেল যে, হাত পর্যন্ত বের করা যায় না। এটাকে اشتمال الصماء বলা হত। এ হাদীসে এ থেকে নিষেধ করা হয়েছে। কেননা, এটা এক উদ্ভট ও বেমানান পদ্ধতি এবং মানুষ এভাবে সব দিক থেকে যেন আটকা পড়ে যায়। আরেকটি পদ্ধতি এই ছিল যে, মানুষ নিতম্ব মাটিতে রেখে পায়ের নলা দাঁড় করিয়ে বসত, আর কেবল একটি কাপড় কোমর ও গোছার উপর জড়িয়ে নিত। এর দ্বারা সতর ঢাকার উদ্দেশ্যেও অর্জিত হতনা। কেননা, নিম্নাংশ অনাবৃত থাকত। এ থেকেও এ হাদীসে নিষেধ করা হয়েছে। অনুরূপভাবে কেবল এক পায়ে জুতা পরে চলতে নিষেধ করা হয়েছে। কেননা, এটাও গাম্ভীর্য ও ব্যক্তিত্বের পরিপন্থী এবং বেমানান কাজ। হ্যাঁ, যদি কোন ওযরের কারণে হয়, তাহলে তাকে অপারগ মনে করা হবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)