মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
হাদীস নং: ৬১১৪
- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
প্রথম অনুচ্ছেদ - আশারাহ্ মুবাশশারা রাযিয়াল্লাহু আনহুমা-এর মর্যাদা ও বৈশিষ্ট্য
৬১১৪। হযরত আয়েশা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (কোন এক অভিযান হইতে) মদীনায় আগমনের পর রাত্রিতে (দুশমনের আশংকায় জাগিয়া রহিলেন এবং বলিলেনঃ যদি কোন পুণ্যবান ব্যক্তি এই রাত্রটি আমাকে পাহারা দিত। (তবে কতইনা উত্তম হইত।) এমন সময় হঠাৎ আমরা অস্ত্রের শব্দ শুনিতে পাইলাম। রাসুলুল্লাহ্ (ছাঃ) জিজ্ঞাসা করিলেন, এই আগন্তুক কে ? বলিলেন: আমি সা'দ। হুযূর জিজ্ঞাসা করিলেন, এই সময় এইখানে আগমনের উদ্দেশ্য কি? তিনি বলিলেন, আমার অন্তরে শত্রুদের পক্ষ হইতে রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভয় সৃষ্টি হইয়াছে, তাই আমি তাহাকে পাহারা দিতে আসিয়াছি। এই কথা শুনিয়া রাসুলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার জন্য দো'আ করিলেন। অতঃপর (নির্বিঘ্নে) ঘুমাইয়া পড়িলেন। মোত্তাঃ
كتاب المناقب
وَعَن عَائِشَة قَالَتْ: سَهِرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَقْدِمَهُ الْمَدِينَةَ لَيْلَةً فَقَالَ: «لَيْتَ رَجُلًا صَالِحًا يَحْرُسُنِي» إِذْ سَمِعْنَا صَوْتَ سِلَاحٍ فَقَالَ: «مَنْ هَذَا؟» قَالَ: أَنَا سَعْدٌ قَالَ: «مَا جَاءَ بِكَ؟» قَالَ: وَقَعَ فِي نَفْسِي خَوْفٌ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَجِئْتُ أَحْرُسُهُ فَدَعَا لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ نَامَ. مُتَّفَقٌ عَلَيْهِ
হাদীসের ব্যাখ্যা:
যখন কোন বান্দার অন্তরে আল্লাহর কোন খাছ বান্দার প্রতি ঐ খাঁটি ভালবাসা সৃষ্টি হয়ে যায়- যাকে এশক ও প্রেম বলা হয়, তখন অনেক সময় এমন হয় যে, প্রেমাস্পদের অন্তরে যে অবস্থা ও ভাব সৃষ্টি হয়, প্রেমিকের অন্তরে এর প্রভাব পড়ে। হযরত আয়েশা রাযি. যে ঘটনা বর্ণনা করেছেন, এটা ঐ বাস্তবতারই একটি দৃষ্টান্ত। হযরত সা'দ ইবনে আবী ওয়াক্কাস রাযি.- যিনি প্রথম যুগের মুসলমান, তাঁর মধ্যে রাসূলুল্লাহ (ﷺ)-এর প্রতি এ পর্যায়ের এশকের সম্পর্ক ছিল। এর ফল এই ছিল যে, কোন সাময়িক আশংকার কারণে ঘুম না আসার যেভাব ও আকাঙ্খা হুযুর (ﷺ)-এর অন্তরে জাগ্রত হল যে, কোন পুণ্যবান ব্যক্তি যদি এ সময় এসে যেত, আর আমার পাহারাদারী করত, তাহলে আমি নিশ্চিন্তে ঘুম যেতে পারতাম। এর প্রভাব হযরত সা'দ ইবনে আবী ওয়াক্কাস রাযি.-এর অন্তরে পড়ল এবং তিনি তীর, ধনুক, বল্লম ইত্যাদিতে সজ্জিত হয়ে হুযুর (ﷺ)-এর নিরাপত্তা বিধানের উদ্দেশ্যে এসে গেলেন, নিঃসন্দেহে হযরত সা'দ ইবনে আবী ওয়াক্কাসের অন্তরে হুযূর (ﷺ)-এর প্রতি এ পর্যায়ের এশক আল্লাহ তা'আলার এক বিরাট নেয়ামত এবং তাঁর বিশেষ মর্যাদার প্রতীক।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)