মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৯- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা

হাদীস নং: ৫৬৮৭
- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা
দ্বিতীয় অনুচ্ছেদ - জাহান্নাম ও জাহান্নামীদের বর্ণনা
৫৬৮৭। হযরত নো'মান ইবনে বশীর (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)কে বলিতে শুনিয়াছি, “আমি তোমাদিগকে দোযখের আগুন হইতে ভীতি প্রদর্শন করিয়াছি, আমি তোমাদিগকে দোযখের আগুন হইতে ভীতি প্রদর্শন করিয়াছি।” তিনি এই বাক্যগুলি বারবার এমনভাবে উচ্চ আওয়াযে বলিতে থাকিলেন যে, বর্তমানে আমি যেই স্থানে বসিয়া আছি, যদি রাসূলুল্লাহ্ (ﷺ) এই স্থান হইতে উক্ত বাক্যগুলি বলিতেন, তবে উহা বাজারের লোকেরাও শুনিতে পারিত। আর তিনি এমনভাবে (হেলিয়া দুলিয়া) বাক্যগুলি বলিয়াছেন যে, তাঁহার কাঁধের উপর রক্ষিত চাদরখানা পায়ের উপরে গড়াইয়া পড়িয়াছিল। —দারেমী
كتاب أحوال القيامة وبدء الخلق
وَعَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «أَنْذَرْتُكُمُ النَّارَ أَنْذَرْتُكُمُ النَّارَ» فَمَا زَالَ يَقُولُهَا حَتَّى لَوْ كَانَ فِي مَقَامِي هَذَا سَمِعَهُ أَهْلُ السُّوقِ وَحَتَّى سَقَطَتْ خَمِيصَةٌ كَانَتْ عَلَيْهِ عِنْدَ رجلَيْهِ. رَوَاهُ الدَّارمِيّ

হাদীসের ব্যাখ্যা:

কোন কোন ভাষণের সময় রাসূলুল্লাহ (ﷺ)-এর মধ্যে যে, বিশেষ অবস্থা সৃষ্টি হতো। সাহাবায়ে কেরাম হাদীস রেওয়ায়েত করার সময় সেই বিশেষ অবস্থান বর্ণনা প্রদান করতেন। নো'মান ইবনে বশির আলোচ্য হাদীস রেওয়ায়েত করার সময় রাসূলুল্লাহ (ﷺ)-এর বিশেষ অবস্থার বর্ণনা দান করে এ কথা বুঝাতে চেয়েছেন যে, আল্লাহর রাসুল (ﷺ) জাহান্নামকে এমন ভয়ংকর জ্ঞান করতেন।

বিঃ দ্রঃ সুসংবাদদানকারী হিসাবে নবী করীম (ﷺ) গোটা মানব জাতিকে সৎ কর্মের পুরস্কারের সুসংবাদ দিয়েছেন।

অনুরূপভাবে ভয় প্রদর্শনকারী হিসাবে মন্দকর্মের ভয়াবহ পরিণতি সম্পর্কে তিনি ভয় প্রদর্শন করেছেন, সতর্ক করেছেন। নবী করীম (ﷺ) -এর ইন্তেকালের পর এ ভয় প্রদর্শনের ও সুসংবাদ দানের যিম্মাদারী গোটা মুসলিম উম্মতের। বিদায় হজ্জের ঐতিহাসিক ভাষণে তিনি উম্মতের উপস্থিত ব্যক্তিদেরকে অনাগত মানুষের কাছে তাঁর পয়গাম পৌঁছে দেয়ার হুকুম করেছেন।

দোযখের ভয়াবহতা থেকে আত্মরক্ষার জন্য যখন তিনি মানব জাতিকে আহ্বান করতেন তখন তিনি তাঁর পরিবেশকে ভুলে যেতেন এবং তাঁর মধ্যে এক বিশেষ অবস্থা সৃষ্টি হত। চাদর গা থেকে খসে পড়ার মধ্যে তাঁর ইঙ্গিত রয়েছে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান