মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৭- নম্রতা ও যুহদের অধ্যায়

হাদীস নং: ৫২০৬
- নম্রতা ও যুহদের অধ্যায়
তৃতীয় অনুচ্ছেদ
৫২০৬। হযরত জুবায়র ইবনে নুফায়র (রাঃ) মুরসাল হিসাবে বর্ণনা করেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ আমার কাছে এই অহী পাঠান হয় নাই যে, আমি যেন মাল-সম্পদ সঞ্চয় করি এবং একজন ব্যবসায়ী হই, বরং আমাকে এই নির্দেশ দেওয়া হইয়াছে যে, “তুমি তোমার রবের প্রশংসার সহিত তীহ পাঠ কর এবং সজ্দাকারীদের অন্তর্ভুক্ত হইয়া যাও এবং ‘ইয়াকীন' (অর্থাৎ, মৃত্যু) আসা পর্যন্ত তোমার রবের এবাদতে আত্মনিয়োগ কর।” — শরহে সুন্নাহ্। আর আবু নোয়াইম তাঁহার ‘হিল্ইয়াহ্' গ্রন্থে আবু মুসলিম হইতে বর্ণনা করিয়াছেন।
كتاب الرقاق
وَعَن جُبَير بن نفير رَضِيَ اللَّهُ عَنْهُ مُرْسَلًا قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا أُوحِيَ إِلَيَّ أَنْ أَجْمَعَ الْمَالَ وَأَكُونَ مِنَ التَّاجِرِينَ وَلَكِنْ أُوحِيَ إِلَيَّ أَنْ (سَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَكُنْ مِنَ السَّاجِدِينَ. واعبد ربَّك حَتَّى يَأْتِيك الْيَقِين) رَوَاهُ فِي شَرْحِ السُّنَّةِ» وَأَبُو نُعَيْمٍ فِي «الْحِلْية» عَن أبي مُسلم

হাদীসের ব্যাখ্যা:

শরীঅতের নীতি ও বিধানের ব্যাপারে যাদের কিছুটা জ্ঞান আছে, তারা জানে যে, ব্যবসা-বাণিজ্য এবং এর মাধ্যমে অর্থ উপার্জন করা কোন নাজায়েয বিষয় নয় এবং শরীঅতের বিধি-বিধানের একটা বিরাট অংশ ব্যবসা-বাণিজ্য ইত্যাদি আর্থিক লেনদেনের সাথেও সংশ্লিষ্ট; বরং রাসূলুল্লাহ ﷺ স্বয়ং ঐসব ব্যবসায়ীদের বিরাট ফযীলত ও মর্যাদার কথা বর্ণনা করেছেন, যারা আমানতদারী, সততা ও বিশ্বস্ততার সাথে ব্যবসা পরিচালনা করে থাকে। কিন্তু রাসূলুল্লাহ ﷺ এর যে বিশেষ অবস্থান ও মর্যাদা ছিল এবং আল্লাহ্ তা'আলা তাঁর দ্বারা যে কাজ নিতে চেয়েছিলেন, এতে ব্যবসার মত কোন বৈধ অর্থকরী পেশায়ও তাঁর জড়িত হওয়ার অবকাশ ছিল না। সাথে সাথে আল্লাহ্ তা'আলা তাঁকে অল্পেতুষ্টি এবং তাওয়াক্কুলের বিরাট সম্পদ দান করে এ চিন্তা থেকে মুক্তও করে দিয়েছিলেন।

তাই রাসূলুল্লাহ ﷺ এর এ হাদীসের মর্ম এটাই যে, আমাকে তো ঐসব কাজেই নিয়োজিত থাকতে হবে, আল্লাহ্ তা'আলার পক্ষ থেকে যেগুলোর নির্দেশ দেওয়া হয়েছে। আমার কাজ ব্যবসা-বাণিজ্য ও অর্থ সঞ্চয় করা নয়।

রাসূলুল্লাহ ﷺ এর উম্মতের মধ্যেও যারা নিজেদের জন্য খাঁটি তাওয়াক্কুলের জীবন পছন্দ করে এবং এ পথের কঠিন পরীক্ষা ও বিপদের উপর ধৈর্য ধারণ করার সাহস রাখে, এর সাথে আল্লাহ্ তা'আলার উপর তাওয়াক্কুলের সম্পদও যদি তারা লাভ করে থাকে, তাহলে তাদের জন্যও নিঃসন্দেহে এটাই উত্তম। কিন্তু যাদের অবস্থা এমন নয়, তাদের জন্য অর্থ উপার্জনের কোন বৈধ পেশা অবলম্বন করা, বিশেষ করে আমাদের এ যুগে খুবই জরুরী।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান