মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৭- নম্রতা ও যুহদের অধ্যায়

হাদীস নং: ৫১৮৯
- নম্রতা ও যুহদের অধ্যায়
দ্বিতীয় অনুচ্ছেদ
৫১৮৯। হযরত আবু উমামা (রাঃ) নবী (ﷺ) হইতে বর্ণনা করেন, আমার বন্ধুদের মধ্যে সেই মু'মিনই আমার নিকট ঈর্ষার পাত্র, যে পার্থিব ঝামেলামুক্ত, নামাযের ব্যাপারে সৌভাগ্যবান অর্থাৎ, আল্লাহর এবাদত উত্তমরূপে আদায় করে এবং গোপনীয় অবস্থায় আল্লাহর আনুগত্যে থাকে। মানুষের কাছে গুমনাম বা অপরিচিত—তাহার প্রতি অঙ্গুলী দ্বারা ইশারা করা হয় না, তাহার রি প্রয়োজন পরিমাণ হয় এবং উহাতেই সে তুষ্ট থাকে। এই কথাগুলি বলিয়া হুযূর (ﷺ) নিজের হাতের অঙ্গুলীর মধ্যে চটকী মারিলেন এবং বলিলেনঃ এই অবস্থায় হঠাৎ একদিন তাহাকে মৃত্যু পাইয়া বসে। তাহার জন্য ক্রন্দনকারিণীও কম হয় এবং মীরাসী সম্পদও স্বল্প ছাড়িয়া যায়। —আহমদ, তিরমিযী ও ইবনে মাজাহ্
كتاب الرقاق
وَعَنْ أَبِي أُمَامَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «أَغْبَطُ أَوْلِيَائِي عِنْدِي لَمُؤْمِنٌ خَفِيفُ الْحَاذِ ذُو حَظٍّ مِنَ الصَّلَاةِ أَحْسَنَ عِبَادَةَ رَبِّهِ وَأَطَاعَهُ فِي السِّرِّ وَكَانَ غَامِضًا فِي النَّاسِ لَا يُشَارُ إِلَيْهِ بِالْأَصَابِعِ وَكَانَ رِزْقُهُ كَفَافًا فَصَبَرَ عَلَى ذَلِكَ» ثُمَّ نَقَدَ بِيَدِهِ فَقَالَ: «عُجِّلَتْ مَنِيَّتُهُ قَلَّتْ بَوَاكِيهِ قَلَّ تُراثُه» . رَوَاهُ أَحْمد وَالتِّرْمِذِيّ وَابْن مَاجَه

হাদীসের ব্যাখ্যা:

১. অর্থাৎ, যে ব্যক্তি খুব সাদাসিধা হাল্কাভাবে জীবন কাটাইয়া মৃত্যুবরণ করিল, এমন মু'মিন ব্যক্তিই ঈর্ষার পাত্র। কারণ, সে আখেরাতে কঠোর হিসাবের সম্মুখীন হইবে না।

২. রাসূলুল্লাহ ﷺ এর এ বাণীর মর্ম এই যে, যদিও আমার বন্ধুদের এবং আল্লাহর প্রিয়পাত্রদের অবস্থা ও রং বিভিন্ন হয়ে থাকে, কিন্তু তাদের মধ্যে সবচেয়ে বেশী ঈর্ষণীয় জীবনের অধিকারী হচ্ছে ঐসব ঈমানদার বান্দারা, যাদের অবস্থা এই যে, তাদের দুনিয়ার জীবন-উপকরণ এবং সম্পদ ও পোষ্য কম, কিন্তু নামায ও অন্যান্য এবাদতে তাদের অংশ উল্লেখযোগ্য। এতদসত্ত্বেও তারা এমন অপরিচিত ও অখ্যাত যে, তাদের চলাফেরার সময় কেউ তাদের প্রতি অঙ্গুলি নির্দেশ করে একথা বলে না যে, ইনি অমুক বুযুর্গ বা অমুক সাহেব। তাদের জীবিকা কেবল জীবন ধারণের মত, কিন্তু তারা এতে অন্তর থেকেই সন্তুষ্ট ও পরিতৃপ্ত। যখন মৃত্যুর সময় এসে গেল, তখন একেবারে সহজে বিদায়। তাদের পশ্চাতে না থাকে প্রচুর সম্পদ, না থাকে আসবাবপত্র, বাড়ী-ঘর ও বাগান-খামার বন্টনের ঝামেলা, আর না দেখা যায় তাদের উপর ক্রন্দনকারীণী মহিলাদের ভীড়।
নিঃসন্দেহে আল্লাহর এসব বান্দাদের জীবন খুবই ঈর্ষণীয়। আর আল্লাহর শোকর যে, এ ধরনের জীবনের অধিকারী মানুষ থেকে আমাদের এ পৃথিবী এখনও খালি নয়।
২. ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান