মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়

হাদীস নং: ৫০৯০
- আদাব - শিষ্টাচার অধ্যায়
১৯. তৃতীয় অনুচ্ছেদ - নম্রতা, লজ্জাশীলতা ও উত্তম স্বভাব
৫০৯০। হযরত যায়েদ ইবনে তালহা (রাঃ) বলেন, রাসুলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ প্রত্যেক দ্বীন বা ধর্মের একটি বিশেষ স্বভাব আছে। আর দ্বীন ইসলামের বিশেষ স্বভাব হইল লজ্জা। — ইমাম মালেক মুরসাল হিসাবে।
كتاب الآداب
الْفَصْل الثَّالِث
عَنْ زَيْدِ

بْنِ طَلْحَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ لِكُلِّ دِينٍ خُلُقًا وَخُلُقُ الْإِسْلَامِ الْحَيَاءُ» . رَوَاهُ مَالِكٌ مُرْسلا

হাদীসের ব্যাখ্যা:

প্রত্যেক দীন তার অনুসারীদের মধ্যে কোন কোন বিশেষ গুণের বিকাশের চেষ্টা করে। ইসলাম তার অনুসারীদের মধ্যে 'হায়া' বা লজ্জা সৃষ্টি করার প্রত্যাশী। ইসলামের দৃষ্টিতে হায়া এক অমূল্য সম্পদ। আল্লাহ যাকে 'হায়া' দান করেছেন তাকে দীনের পরিপূর্ণ দৌলত দান করেছেন। যার মধ্যে হায়া রয়েছে সে নিজেকে ও তার দীনকে শয়তান ও তার অনুচরদের আক্রমণ থেকে রক্ষা করতে সক্ষম। যখন শয়তান কোন মানুষকে বিপথগামী করতে চায়, তখন তাকে সর্বপ্রথম নির্লজ্জ করতে চেষ্টা করে। যখন শয়তান এ ব্যাপারে সফলতা অর্জন করে, তখন আল্লাহর বান্দাকে আল্লাহর অবাধ্য করার কাজে সহজে নিয়োজিত করে। লজ্জাহীন মানুষ যে কোন অন্যায়, অসঙ্গত ও অশ্লীল কাজ করতে পারে।

আল্লাহ মানুষের সর্বশ্রেষ্ঠ অভিভাবক ও মওলা। তাঁর রহমত, নিয়ামত ও অনুগ্রহ ছাড়া মানুষ এক মুহূর্তের জন্যও বাঁচতে পারে না। তাই হায়ার ব্যাপারে আল্লাহ তা'আলার হক ও অধিকার তাঁর বান্দাদের উপর সবচেয়ে বেশি। আল্লাহর ফযল ও করম স্বরণ করে তাঁকে বেশি লজ্জা করা মানুষের উচিত। দুনিয়া ও আসমানের মালিকের সামান্যতম অবাধ্যতা করার ব্যাপারেও মানুষের লজ্জা করা কর্তব্য।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান