মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়

হাদীস নং: ৫০৫৫
- আদাব - শিষ্টাচার অধ্যায়
১৮. দ্বিতীয় অনুচ্ছেদ - আত্মসংযম ও কাজে ধীরস্থিরতা
৫০৫৫। হযরত সাহল ইবনে সা'দ আসসায়েদী (রাঃ) হইতে বর্ণিত, নবী (ﷺ) বলিয়াছেনঃ ধীরস্থিরতা আল্লাহর পক্ষ হইতে; আর তাড়াহুড়া শয়তানের পক্ষ হইতে। —তিরমিযী। আর তিনি বলিয়াছেন, হাদীসটি গরীব। কোন কোন হাদীসবিদ রাবী আব্দুল মোহাইমেন ইবনে আব্বাসের স্মরণশক্তি সম্পর্কে আপত্তি করিয়াছেন।
كتاب الآداب
الْفَصْل الثَّانِي
عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ السَّاعِدِيِّ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «الْأَنَاةُ مِنَ اللَّهِ وَالْعَجَلَةُ مِنَ الشَّيْطَانِ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ غَرِيبٌ. وَقَدْ تَكَلَّمَ بَعْضُ أَهْلِ الْحَدِيثِ فِي عَبْدِ الْمُهَيْمِنِ بْنِ عَبَّاس الرَّاوِي من قبل حفظه

হাদীসের ব্যাখ্যা:

পার্থিব এবং দীনি যিম্মাদারী ধীর-স্থির ও চিন্তা-ভাবনা করে সম্পাদন করা খুবই উৎকৃষ্ট অভ্যাস। ধীর-স্থিরভাবে, ধৈর্যসহকারে ও সুচিন্তিতভাবে যে কাজ সম্পাদন করা হয়, তাতে খুব কম ভুল-ভ্রান্তি থাকে। তাই ধৈর্যশীল ব্যক্তি কর্মের উত্তম ফল লাভ করেন। আল্লাহ ধৈর্যশীল মু'মিনদের খুব পসন্দ করেন, তাঁদের কাজের মধ্যে বরকত দান করেন।

তাড়াহুড়ো এবং ধৈর্যহীনতা মন্দ অভ্যাস। তার দ্বারা কোন ফায়দা হাসিল করা সম্ভব নয়। সাময়িকভাবে কোন কোন ক্ষেত্রে সামান্য ফায়দা তাড়াহুড়োর মাধ্যমে হাসিল হলেও কোন স্থায়ী কল্যাণ হাসিল করা যায় না। ধৈর্যহীনতা অধিকাংশ ক্ষেত্রে অপূরণীয় ক্ষতি সাধন করে। তাই 'উজলত' বা তাড়াহুড়োকে শয়তানী অভ্যাস আখ্যায়িত করা হয়েছে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান