মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়

হাদীস নং: ৫০১২
- আদাব - শিষ্টাচার অধ্যায়
১৬. দ্বিতীয় অনুচ্ছেদ - আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা এবং আল্লাহ তাআলার জন্য বান্দার প্রতি ভালোবাসা
৫০১২। হযরত উমার (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ আল্লাহর বান্দাদের মধ্যে এমন কতিপয় লোক আছে, যাহারা নবীও নন এবং শহীদও নন। কিন্তু কিয়ামতের দিন আল্লাহ্ তা'আলার কাছে তাহাদের মর্যাদা দেখিয়া নবী, শহীদগণও ঈর্ষা করিবেন। সাহাবাগণ আরয করিলেন, ইয়া রাসূলাল্লাহ্। আমাদিগকে বলুন কে তাহারা? তিনি বলিলেনঃ তাহারা এমন এক সম্প্রদায় যাহারা শুধু আল্লাহ্র রূহ (অর্থাৎ, কোরআনের সম্পর্ক) দ্বারা একে অপরকে ভালবাসে। অথচ তাহাদের মধ্যে কোন প্রকারের আত্মীয়তা নাই এবং তাহাদের পরস্পরে মাল-সম্পদের লেন-দেনও নাই। আল্লাহর কসম! তাহাদের চেহারা হইবে জ্যোতির্ময় এবং তাহারা উপবিষ্ট হইবেন নূরের উপরে। তাহারা ভীত-সন্ত্রস্ত হইবেন না, যখন সমস্ত মানুষ ভীত থাকিবে। তাহারা দুশ্চিন্তাগ্রস্ত হইবে না, যখন সকল মানুষ দুশ্চিন্তায় নিমগ্ন থাকিবে। অতঃপর তিনি এই আয়াতটি পাঠ করিলেনঃ অর্থঃ জানিয়া রাখ! নিশ্চয় আল্লাহ্র বন্ধুদের কোন ভয় নাই এবং তাহারা দুশ্চিন্তাগ্রস্তও হইবেন না। –আবু দাউদ।
كتاب الآداب
وَعَنْ عُمَرَ

قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ مِنْ عِبَادِ اللَّهِ لَأُنَاسًا مَا هُمْ بِأَنْبِيَاءٍ وَلَا شُهَدَاءَ يَغْبِطُهُمُ الأنبياءُ والشهداءُ يومَ القيامةِ بِمَكَانِهِمْ مِنَ اللَّهِ» . قَالُوا: يَا رَسُولَ اللَّهِ تُخْبِرُنَا مَنْ هُمْ؟ قَالَ: «هُمْ قَوْمٌ تَحَابُّوا بِرُوحِ اللَّهِ عَلَى غَيْرِ أَرْحَامٍ بَيْنَهُمْ وَلَا أَمْوَالٍ يَتَعَاطَوْنَهَا فَوَاللَّهِ إِنَّ وُجُوهَهُمْ لَنُورٌ وَإِنَّهُمْ لَعَلَى نُورٍ لَا يَخَافُونَ إِذَا خَافَ النَّاسُ وَلَا يَحْزَنُونَ إِذَا حَزَنَ النَّاسُ» وَقَرَأَ الْآيَةَ: (أَلَا إِنَّ أَوْلِيَاءَ اللَّهِ لَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُم يحزنونَ)

رَوَاهُ أَبُو دَاوُد

হাদীসের ব্যাখ্যা:

আত্মীয়তার কারণে বা বৈষয়িক লেনদেনের জন্য পরস্পর ভালবাসা সৃষ্টি হতে পারে। আত্মীয়-স্বজনকে মহব্বত করা, আত্মীয়-স্বজনের প্রতি দয়া প্রদর্শন করা এবং তাদের অভাব-অভিযোগ দূর করা মু'মিনদের ঈমানী কর্তব্য এবং খুব সওয়াবের কাজ। কিন্তু শুধু দীনের খাতিরে বা দীনের রিশতার জন্য পরস্পর মহব্বত করা, একে অন্যের প্রতি দয়া প্রদর্শন করা, দীনী ভাইয়ের সমস্যা সমাধান করা, দীনী ভাইকে বিপদ থেকে রক্ষা করা এবং দীনী ভাইয়ের আবরু ও ইযযতের হিফাযত করা আল্লাহর নিকট খুবই সম্মানিত ও প্রিয় কাজ। তিনি এ ধরনের আল্লাহ-প্রেমিকদেরকে তাঁর ভালবাসার বুলন্দ মাকামে উন্নীত করবেন এবং কিয়ামতে তাদের নিঃস্বার্থ ভালবাসার জন্য তাদেরকে এমন ইনাম এবং নিয়ামত দান করবেন যে, সাধারণ মানুষ তার কল্পনাও করতে পারবে না। আল্লাহর বিশেষ ও মাহবুব বান্দাগণ, যথা আম্বিয়া ও শুহাদাও তাদের বুলন্দ মর্যাদা ঈর্ষার চোখে দেখবেন। এ হাদীস থেকে কেউ যেন এরূপ মনে না করেন যে, আম্বিয়া ও শহীদদের চেয়ে তাদের মর্যাদা বেশি হবে, বরং সামগ্রিকভাবে আম্বিয়া ও শুহাদার মর্যাদা ও ফযীলত বেশি হবে। এখানে শুধু নিঃস্বার্থ ভালবাসার ফযীলত বর্ণনা করা হয়েছে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৫০১২ | মুসলিম বাংলা