মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৯- রাষ্ট্রনীতি ও আদালত-বিচার অধ্যায়

হাদীস নং: ৩৭২১
- রাষ্ট্রনীতি ও আদালত-বিচার অধ্যায়
তৃতীয় অনুচ্ছেদ
৩৭২১। হযরত আবুদ্দারদা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ আল্লাহ্ তা'আলা ঘোষণা করেন, আমি হইলাম সর্বশক্তিমান আল্লাহ্, আমি ছাড়া অন্য কোন ইলাহ্ (মা'বূদ) নাই। আমিই রাজা-বাদশাহরদের মালিক এবং রাজাদের রাজা (শাহানশাহ্), সমস্ত বাদশাহর অন্তর আমার (কুদরতের) মুঠের মধ্যে। বস্তুতঃ বান্দাগণ যখন আমার আনুগত্য করে (আদেশ-নিষেধ মানিয়া চলে), তখন আমি শাসকদের অন্তরকে দয়া ও হৃদ্যতার সাথে তাহাদের দিকে ফিরাইয়া দেই। আর বন্দারা যখন আমার নাফরমানীতে লিপ্ত হয়, তখন আমি তাহাদের (শাসকদের) অন্তরকে প্রজাদের জন্য কঠোর ও নিষ্ঠুর করিয়া দেই। ইহারই ফলে তাহারা জনগণকে বিভিন্নভাবে কঠিন যাতনা দিতে থাকে। সুতরাং তোমরা তখন তোমাদের শাসকদের জন্য বদ-দো'আ করিও না; বরং নিজেদেরকে আল্লাহর যিকরে মশগুল রাখ ও তাঁহাকে, ভারাক্রান্ত হৃদয়ে স্মরণ কর, যাহাতে আমি তোমাদের জন্য যথেষ্ট হই। —আবু নুআইম হিলইয়া গ্রন্থে
كتاب الإمارة والقضاء
وَعَنْ أَبِي الدَّرْدَاءِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ اللَّهَ تَعَالَى يَقُولُ: أَنَا اللَّهُ لَا إِلَهَ إِلَّا أَنَا مَالِكُ الْمُلُوكِ وَمَلِكُ الْمُلُوكِ قُلُوبُ الْمُلُوكِ فِي يَدِي وَإِنَّ الْعِبَادَ إِذَا أَطَاعُونِي حَوَّلْتُ قُلُوبَ مُلُوكِهِمْ عَلَيْهِمْ بِالرَّحْمَةِ وَالرَّأْفَةِ وَإِنَّ الْعِبَادَ إِذَا عَصَوْنِي حَوَّلْتُ قُلُوبَهُمْ بِالسُّخْطَةِ وَالنِّقْمَةِ فَسَامُوهُمْ سُوءَ الْعَذَابِ فَلَا تَشْغَلُوا أَنْفُسَكُمْ بِالدُّعَاءِ عَلَى الْمُلُوكِ وَلَكِنِ اشْغَلُوا أَنْفُسَكُمْ بِالذِّكْرِ وَالتَّضَرُّعِ كَيْ أَكْفِيَكُمْ ملوكَكم «. رَوَاهُ أَبُو نُعَيْمٍ فِي» الْحِلْيَةِ

হাদীসের ব্যাখ্যা:

এ জগতে ভাল-মন্দ যেসব অবস্থা আসে তার কতক তো বাহ্যিক কারণে যা দুনিয়ার সাধারণ লোকও বুঝতে পারে। আর কতক হয় অদৃশ্য কারণে।

আলোচ্য হাদীসে রাসুলুল্লাহ ﷺ স্বয়ং আল্লাহ তা'আলার পক্ষ হতে বর্ণনা করেন যে, বান্দাদের ওপর দুনিয়াতে যে সব ভাল মন্দ অবস্থা পতিত হয়, মূলত তা তাদের আমলের ফলস্বরূপ হয়ে থাকে। আল্লাহ তা'আলার বাণী, আমি বাদশাহদের বাদশাহ এবং সব শাসকদের শাসক। শাসকদের অন্তরসমূহ আমার অধীনে, আর আমার কানুন ও রীতি হচ্ছে-যখন বান্দাদের সাধারণ জীবন আনুগত্যের হয়ে থাকে তখন আমি ভাদের জন্য তাদের শাসকদের অন্তরসমূহে রহমত ও দয়া ঢেলে দেই। এরপর তাদের আচরণ রহমত ও দয়া মিশ্রিত হয়ে থাকে। আর যদি তাদের জীবন অবাধ্যতা ও মন্দ কাজের হয় এবং অবাধ্যতা প্রাধান্য পায় তবে আমি তাদের জন্য তাদের শাসকদের অন্তরসমূহে ক্রোধ ও কষ্ট প্রদানের প্রবণতা ঢেলে দেই। এরপর তারা তাদেরকে রকমারী কষ্ট দেয়, অত্যাচার করে। তাই মূলত এটা আমার শাস্তি, তোমাদের শাসকবৃন্দ কার্য সম্পাদনের যন্ত্র মাত্র।

পরিশেষে বলা হয়েছে, যখন তোমাদের শাসকবৃন্দ থেকে তোমাদের ওপর কষ্ট পতিত হয় তখন তাদের জন্য বদ দু'আ করবে না, তাদেরকে অভিশাপ দিবে না। এতে কিছু লাভ হবে না। এর পরিবর্তে আমাকে স্মরণ কর, পাপের জীবন পরিত্যাগ করে আমার আনুগত্যশীল জীবন গ্রহণ কর, কাতর কণ্ঠে আমার প্রতি ধাবিত হও। এভাবে তোমরা শাসকদের অত্যাচার-অনাচার থেকে মুক্তি পাবে।

নাদির শাহ যখন দিল্লী লুণ্ঠন করল এবং দিল্লীবাসীদের ওপর বিপদের পাহাড় পতিত হল তখন সে যুগের 'আরিফ হযরত মির্যা মাযহার জান জানান (র) বলেছিলেন,
'নাদিরের অত্যাচারের রূপ' ধারণ করেছে আমাদের আমলের দুর্ভোগ।'
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান