মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়

হাদীস নং: ২৭৭১
- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
১. দ্বিতীয় অনুচ্ছেদ - উপার্জন করা এবং হালাল রুযী অবলম্বনের উপায় সন্ধান করা
২৭৭১। হযরত আব্দুল্লাহ্ ইবনে মাসউদ (রাঃ) হইতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে কোন বান্দা হারাম উপায়ে উপার্জিত অর্থ দান-খয়রাত করিলে তাহা কবুল হইবে না এবং উহা (নিজ কার্যে) ব্যয় করিলে বরকত (ফলোদয়) হইবে না। আর ঐ ধন তাহার উত্তরাধিকারীদের জন্য রাখিয়া গেলে উহা তাহার জন্য দোযখের পুঁজি হইবে।
আল্লাহ্ তা'আলা মন্দের দ্বারা মন্দ কাটেন না (অর্থাৎ, হারাম মাল দান করায় গোনাহ মাফ করেন না)। হ্যাঁ—ভাল দ্বারা মন্দ কাটিয়া থাকেন (অর্থাৎ, হালাল মাল দান করায় গোনাহ মাফ করেন)। খারাব খারাবকে বিদূরিত করিতে পারে না। – আহমদ ও শরহে সুন্নাহ
كتاب البيوع
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا يكْسب عبد مَال حرَام فتيصدق مِنْهُ فَيُقْبَلُ مِنْهُ وَلَا يُنْفِقُ مِنْهُ فَيُبَارَكُ لَهُ فِيهِ وَلَا يَتْرُكُهُ خَلْفَ ظَهْرِهِ إِلَّا كَانَ زَادَهُ إِلَى النَّارِ. إِنَّ اللَّهَ لَا يَمْحُو السَّيِّئَ بِالسَّيِّئِ وَلَكِنْ يَمْحُو السَّيِّئَ بِالْحَسَنِ إِنَّ الْخَبِيثَ لَا يَمْحُو الْخَبِيثَ» . رَوَاهُ أَحْمَدُ وَكَذَا فِي شرح السّنة

হাদীসের ব্যাখ্যা:

হাদীসের মূলকথা ও দাবি এটাই যে, হারাম মাল দ্বারা সাদকা কবুল হয় না এবং হারাম উপার্জনে বরকত থাকে না। আর যখন কোন মানুষ অবৈধ ও হারাম পন্থায় উপার্জিত সম্পদ মৃত্যুর পর উত্তরাধিকারীদের জন্য রেখে যায় তখন সে মাল আখিরাতে তার জন্য আযাবের কারণ হবে। হারাম উপার্জনের জন্য তার গুনাহ হবে এবং উত্তরাধিকারীদেরকে হারাম খেতে দেবার জন্যও গুনাহ হবে। (অথচ উত্তরাধিকারীমের জন্য হালাল মাল রেখে যাওয়া এক প্রকার সাদকা আর এজন্য অবশ্যই পুরষ্কৃত হবে।)

সামনে বলা হয়েছে إن الله لا يمحو السيئ এতে হারাম মালের সাদকা কবুল না হওয়া এবং মৃত্যুর পর তা আযাবের কারণ হওয়ার হেতু বর্ণনা করা হয়েছে। উদ্দেশ্য এই যে, সাদকা যদি বিশুদ্ধ ও পবিত্র মাল দ্বারা করা হয় তবে তা গুনাহসমূহের কাফফারা ও ক্ষমার কারণ হয়ে দাঁড়ায়। পক্ষান্তরে যদি হারাম মাল দ্বারা সাদকা করা হয় তবে তা অপবিত্র। ইহা গুনাহসমূহ ধৌত করা ও গুনাহসমূহের ক্ষমার উপযুক্তকতা রাখে না। যেভাবে অপবিত্র পানি দ্বারা অপবিত্র কাপড় পাক-পবিত্র করা যায় না।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান