মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১১- হজ্জ্বের অধ্যায়

হাদীস নং: ২৭২৭
- হজ্জ্বের অধ্যায়
১৪. তৃতীয় অনুচ্ছেদ - মক্কার হারামকে আল্লাহ তাআলা কর্তৃক সংরক্ষণ প্রসঙ্গে
২৭২৭। হযরত আইয়াশ ইবনে আবু রবীয়া মাখযূমী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলিয়াছেনঃ এই উম্মত কল্যাণের সাথে থাকিবে, যাবৎ তাহারা মক্কার এই সম্মান পূর্ণভাবে বজায় রাখিবে। যখন তাহারা ইহা বিনষ্ট করিবে ধ্বংস হইয়া যাইবে। —ইবনে মাজাহ্
كتاب المناسك
وَعَن عيَّاشِ بنِ أبي ربيعةَ المَخْزُومِي قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَزَالُ هَذِهِ الْأُمَّةُ بِخَيْرٍ مَا عَظَّمُوا هَذِهِ الْحُرْمَةَ حَقَّ تَعْظِيمِهَا فَإِذَا ضَيَّعُوا ذلكَ هلَكُوا» . رَوَاهُ ابْن مَاجَه

হাদীসের ব্যাখ্যা:

বায়তুল্লাহ শরীফ, মক্কা মুকাররমা ও সম্পূর্ণ হারাম এলাকার মর্যাদা ও সম্মান রক্ষা করা যেন আল্লাহর সাথে বন্দেগীর সঠিক সম্পর্ক ও খাঁটি বিশ্বস্ততার লক্ষণ ও নিদর্শন। যে পর্যন্ত এ জিনিসটি উম্মতের মধ্যে সামগ্রিকভাবে বিদ্যমান থাকবে, আল্লাহ্ তা'আলা এ উম্মতের হেফাযত করবেন এবং তারা দুনিয়াতে শান্তি ও সম্মানের সাথে থাকবে। আর যখন উম্মতের এ আচরণ সামগ্রিকভাবে বদলে যাবে এবং খানায়ে কা'বা ও পবিত্র হারামের সম্মান ও মর্যাদার ব্যাপারে তাদের মধ্যে ত্রুটি এসে যাবে, তখন উম্মত আল্লাহ্ তা'আলার সাহায্য ও হেফাযতের অধিকার হারিয়ে ফেলবে। এর ফলে ধ্বংস ও অনিষ্ট তাদের উপর চেপে বসবে।

আমাদের এ যুগে সফরের বিভিন্ন সুবিধার কারণে এবং আরো অন্যান্য কিছু সুযোগের কারণে যদিও হজ্ব পালনকারীদের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে; কিন্তু সেখানে সারা পৃথিবী থেকে যেসব মুসলমান আগমন করে, তাদের কর্মধারা বলে যে, বায়তুল্লাহ্ ও পবিত্র হরমের আদব ও সম্মানের দিক দিয়ে উম্মতের মধ্যে সামগ্রিক বিবেচনায় বিরাট ত্রুটি এসে গিয়েছে। আর নিঃসন্দেহে এটাও ঐসব কারণসমূহের মধ্যে অন্যতম, যেগুলোর কারণে উম্মত পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সারা পৃথিবীতে আল্লাহর বিশেষ সাহায্য থেকে বঞ্চিত।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান