মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১০- যাবতীয় দোয়া-যিক্‌র

হাদীস নং: ২৪৫৮
- যাবতীয় দোয়া-যিক্‌র
৬. প্রথম অনুচ্ছেদ - আশ্রয় প্রার্থনা করা
২৪৫৮। হযরত আনাস (রাঃ) হইতে বর্ণিত আছে, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিতেন, আল্লাহ্! আমি তোমার নিকট পানাহ্ চাহি চিন্তা, শোক, অক্ষমতা, অলসতা, কাপুরুষতা, কৃপণতা, ঋণের বোঝা ও মানুষের জবরদস্তি হইতে। —মোত্তাঃ
كتاب الدعوات
بَابُ الْإِسْتِعَاذَةِ
وَعَنْ أَنَسٍ قَالَ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحُزْنِ وَالْعَجْزِ وَالْكَسَلِ وَالْجُبْنِ وَالْبُخْلِ وَضَلَعِ الدَّيْنِ وَغَلَبَةِ الرِّجَالِ»

হাদীসের ব্যাখ্যা:

এ দু'আতে যে আটটি ব্যাপার থেকে আল্লাহ্ তা'আলার নিকট আশ্রয় প্রার্থনা করা হয়েছে, তন্মধ্যে চারটি (দুশ্চিন্তা, দুর্ভাবনা, ঋণভার এবং বিরুদ্ধবাদী বা প্রতিপক্ষের চাপ বা দাপট) এমন, যা যে কোন অনুভূতিশীল ও সচেতন ব্যক্তির জন্যে জীবনের আনন্দ উপভোগ থেকে বঞ্চনা এবং ভীষণ মনোকষ্টের কারণ হয়ে দাঁড়ায়। এগুলো তার কর্মক্ষমতাকে নিষ্ক্রিয় করে দেয়। ফলশ্রুতিতে এগুলোতে জর্জরিত ব্যক্তিটি ইহলৌকিক ও পরলৌকিক অনেক সাফল্য ও সৌভাগ্য থেকে বঞ্চিত থাকে।

অবশিষ্ট চারটি ব্যাপার (অক্ষমতা বা কর্মহীনতা, অলসতা, কৃপণতা ও কাপুরুষতা) এমন সব দুর্বলতা, যদ্দরুন মানুষ সেই সাহসী পদক্ষেপ গ্রহণ করতে পারে না বা মেহনত-কুরবানীওয়ালা কাজ করতে পারে না, যেগুলো ব্যতীত না দুনিয়াতে কামিয়াবী হাসিল করা যায় আর না আখিরাতের সাফল্য ও আল্লাহর সন্তুষ্টির মকাম হাসিল করা যায়। এ জন্যে রাসূলুল্লাহ ﷺ এগুলো থেকে আল্লাহ তা'আলার দরবারে আশ্রয় প্রার্থনা করতেন এবং নিজ আমল বা অভ্যাস-আচরণের মাধ্যমে উম্মতকেও এর শিক্ষা দিতেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান