মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১০- যাবতীয় দোয়া-যিক্‌র

হাদীস নং: ২৩৬৩
- যাবতীয় দোয়া-যিক্‌র
২. তৃতীয় অনুচ্ছেদ - ক্ষমা ও তাওবাহ্
২৩৬৩। হযরত আব্দুল্লাহ্ ইবনে মাসউদ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলিয়াছেনঃ গোনাহ্ হইতে তওবাকারী তাহার ন্যায় যাহার কোন গোনাহ্ নাই। —ইবনে মাজাহ্
বায়হাকী শো'আবুল ঈমানে বলেন, নাহরানী ইহা একা বর্ণনা করিয়াছেন, অথচ তিনি হইলেন ‘মাজহুল' ব্যক্তি। শরহুস্ সুন্নাহ্য় বাগাবী ইহাকে মউকুফ অর্থাৎ, আব্দুল্লাহর কথা হিসাবে বর্ণনা করিয়াছেন। আব্দুল্লাহ্ বলিয়াছেন, “অনুশোচনাই হইল তওবা আর তওবাকারী হইল তাহার ন্যায় যাহার কোন গোনাহ্ নাই ।”
كتاب الدعوات
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «التَّائِبَ مِنَ الذَّنْبِ كَمَنْ لَا ذَنْبَ لَهُ» . رَوَاهُ ابْنُ مَاجَهْ وَالْبَيْهَقِيُّ فِي شُعَبِ الْإِيمَانِ وَقَالَ تَفَرَّدَ بِهِ النَّهْرَانَيُّ وَهُوَ مَجْهُولٌ. وَفِي (شَرْحِ السُّنَّةِ)

رَوَى عَنْهُ مَوْقُوفًا قَالَ: النَّدَمُ تَوْبَةٌ والتَّائبُ كمن لَا ذَنْبَ لَهُ

হাদীসের ব্যাখ্যা:

এর মর্ম হচ্ছে এই যে, সাচ্চা অন্তরে তাওবা করার পর কোন গুনাহই আর অবশিষ্ট থাকে না। কোন কোন রিওয়ায়াতে আছে, মানুষ গুনাহ থেকে তাওবা করার পর এমনি নিষ্পাপ হয়ে যায়, যেমনটি সে তার ভূমিষ্ঠ হওয়াকালে নিষ্পাপ ছিল (كيوم ولدته أمه) এমন হাদীসও সম্মুখে বর্ণিত হবে, যদ্বারা জানা যাবে যে, তাওবা দ্বারা কেবল গুনাহ মাফই হয় না, বা কেবল অন্তর কালিমামুক্ত ও পরিষ্কারই হয় না, বরং তাওবাকারী বান্দা আল্লাহর মহবুব ও প্রিয়পাত্রে পরিণত হয়ে যায়। তার এ তাওবা দ্বারা আল্লাহ তা'আলা অত্যন্ত প্রসন্ন হন।
اَللّٰهُمَّ اجْعَلْنَا مِنَ التَّوَّابِينَ
হে আল্লাহ! আমাদেরকে তাওবাকারী বান্দাদের অন্তর্ভুক্ত কর!
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান