মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১০- যাবতীয় দোয়া-যিক্‌র

হাদীস নং: ২২৯৮
- যাবতীয় দোয়া-যিক্‌র
১. প্রথম অনুচ্ছেদ - তাসবীহ (সুবহা-নাল্ল-হ), তাহমীদ (আল হাম্‌দুলিল্লা-হ), তাহলীল (লা- ইলা-হা ইল্লাল্ল-হ) ও তাকবীর (আল্ল-হু আকবার)- বলার সাওয়াব
২২৯৮। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ দুইটি সংক্ষিপ্ত বাক্য, যাহা বলিতে সহজ, অথচ পাল্লাতে ভারী ও আল্লাহর নিকট প্রিয়, তাহা হইল—সুবহানাল্লাহি ওয়াবিহামদিহী, সুবহানাল্লাহিল আযীম। — মোত্তাঃ
كتاب الدعوات
وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: كَلِمَتَانِ خَفِيفَتَانِ عَلَى اللِّسَانِ ثَقِيلَتَانِ فِي الْمِيزَانِ حَبِيبَتَانِ إِلَى الرَّحْمَنِ: سُبْحَانَهُ الله وَبِحَمْدِهِ سُبْحَانَهُ الله الْعَظِيم

হাদীসের ব্যাখ্যা:

উক্ত দু'টি কালিমা রসনার জন্যে হাল্কা হওয়ার ব্যাপারটি তো সুস্পষ্ট, আল্লাহ তা'আলার নিকট প্রিয় হওয়ার ব্যাপারটিও সহজেই বোধগম্য, কিন্তু আমলনামা ওজনের পাল্লায় ভারী হওয়ার ব্যাপারটা হয় তো অনেকে সহজভাবে বুঝে উঠতে পারবেন না। আসল ব্যাপার হচ্ছে, যেভাবে বস্তুজগতের বস্তুনিচয় হাল্কা ও ভারী হয়ে থাকে এবং এগুলো পরিমাপের জন্যে পাত্র বা যন্ত্র থাকে, এগুলোই সেগুলোর পরিমাপক। উদাহরণ স্বরূপ শীতাতপ পরিমাপের কথা ধরা যেতে পারে। এগুলো যদিও কোন বস্তু নয়, বস্তুর অবস্থা বিশেষ; কিন্তু এতদসত্ত্বেও এগুলো পরিমাপের জন্যে থার্মোমিটার রয়েছে। অনুরূপভাবে কিয়ামতের দিন আল্লাহর নামের ওজন হবে। যিকিরের কালিমাসমূহের ওজন হবে। তিলাওয়াতে কুরআনের ওজন হবে। সালাতের ওজন হবে। ঈমান এবং আল্লাহ ভীতি ও তাঁর প্রতি ভালবাসার ওজন হবে। সে সময় এ ব্যাপারটি বোধগম্য হবে যে, অনেক ছোট ও হাল্কা বস্তুও সীমাহীন ওজনদার হবে। অপর এক হাদীসে হুযুর ﷺ ফরমান :

لَا يَزِنُ مَعَ اسْمِ اللّٰهِ شَيْئٌ

"আল্লাহর নামের সাথে আর কিছুই ওজনে সমান হবে না।"

এই কালিমা سُبْحَانَ اللّٰهِ وَبِحَمْدِهٖ سُبْحَانَ اللّٰهِ الْعَظِيْمِ এর অর্থ হচ্ছে, আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি, তাঁর স্তবস্তুতির সাথে আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি- যিনি অনেক বড় ও মহান।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান