মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৯- কুরআনের ফাযাঈল অধ্যায়
হাদীস নং: ২১৬৮
- কুরআনের ফাযাঈল অধ্যায়
তৃতীয় অনুচ্ছেদ
২১৬৮। হযরত ইবনে ওমর (রাঃ) বলেন, একদা রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেন; এই অন্তরসমূহে মরিচা ধরে যেভাবে লোহায় মরিচা ধরে, যখন উহাতে পানি লাগে। তাঁহাকে জিজ্ঞাসা করা হইল, ইয়া রাসূলাল্লাহ্! উহার পরিষ্কারকরণ কী ? হুযূর বলিলেন, বেশী বেশী মৃত্যুর স্মরণ এবং কোরআন তেলাওয়াত। —উপরোক্ত হাদীস চারটি বায়হাকী শো আবুল ঈমানে বর্ণনা করিয়াছেন।
كتاب فضائل القرآن
وَعَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ هَذِهِ الْقُلُوبَ تَصْدَأُ كَمَا يَصْدَأُ الْحَدِيدُ إِذَا أَصَابَهُ الْمَاءُ» . قِيلَ يَا رَسُولَ اللَّهِ وَمَا جِلَاؤُهَا؟ قَالَ: «كَثْرَةُ ذِكْرِ الْمَوْتِ وَتِلَاوَةِ الْقُرْآنِ» . رَوَى الْبَيْهَقِيُّ الْأَحَادِيثَ الْأَرْبَعَةَ فِي شُعَبِ الْإِيمَانِ
হাদীসের ব্যাখ্যা:
অন্তরের মরিচা এই যে, এটা আল্লাহ থেকে এবং আখেরাতের পরিণাম থেকে উদাসীন ও নিশ্চিন্ত হয়ে যায়। এটা হচ্ছে ছোট-বড় সকল গুনাহের ভিত্তিমূল, আর নিঃসন্দেহে এর অমোঘ চিকিৎসা এটাই যে, নিজের মৃত্যুর কথা বেশী করে স্মরণ করবে, এর ধ্যান ও মুরাকাবা করবে এবং কুরআন মজীদের মাহাত্ম্য ও আল্লাহ্ তা'আলার সাথে এর বিশেষ সম্পর্কের কথা স্মরণে রেখে আদব ও এখলাসের সাথে এর তেলাওয়াত করবে। যদি এই তেলাওয়াত আল্লাহর তওফীকে অন্তরের আগ্রহ ও চিন্তা-ভাবনার সাথে হয়, তাহলে ইন্শাআল্লাহ্ এটা অন্তরের মরিচা ও কালিমা দূর করে দিয়ে অন্তরকে নূর দিয়ে ভরে দিবে। আল্লাহ্ তা'আলা আমাদেরকে এ সৌভাগ্য দান করুন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)