মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৬- জানাযা-কাফন-দাফনের অধ্যায়

হাদীস নং: ১৫৭১
- জানাযা-কাফন-দাফনের অধ্যায়
১. দ্বিতীয় অনুচ্ছেদ - রোগী দেখা ও রোগের সাওয়াব
১৫৭১। হযরত আমের রাম (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) একবার রোগ সম্পর্কে আলোচনা করিলেন এবং বলিলেনঃ মু'মিনের যখন রোগ হয়, অতঃপর আল্লাহ্ তাহাকে আরোগ্য দান করেন, ইহা তাহার অতীতের গোনাহর জন্য কাফ্ফারা এবং ভবিষ্যতের জন্য শিক্ষার বস্তু হয়; কিন্তু মুনাফিক যখন রোগাক্রান্ত হয়, অতঃপর তাহাকে আরোগ্য দান করা হয়, সে সেই উটের ন্যায় হয় যাহাকে তাহার মালিক বাঁধিয়াছিল অতঃপর ছাড়িয়া দিল। সে বুঝিল না যে, কেন তাহাকে বাঁধিয়াছিল এবং কেন তাহাকে ছাড়িয়া দিল। তখন এক ব্যক্তি বলিয়া উঠিল, ইয়া রাসূলাল্লাহ্! রোগ আবার কি? আল্লাহর কসম, আমি তো কখনও রোগাক্রান্ত হই নাই। হুযুর বলিলেন, আমাদের নিকট হইতে উঠিয়া যাও! তবে তুমি আমাদের অন্তর্গত নও। –আবু দাউদ
كتاب الجنائز
وَعَن عَامر الرام قَالَ: ذَكَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْأَسْقَامَ فَقَالَ: «إِنَّ الْمُؤْمِنَ إِذَا أَصَابَهُ السقم ثمَّ أَعْفَاهُ الله مِنْهُ كَانَ كَفَّارَةً لِمَا مَضَى مِنْ ذُنُوبِهِ وَمَوْعِظَةً لَهُ فِيمَا يَسْتَقْبِلُ. وَإِنَّ الْمُنَافِقَ إِذَا مرض ثمَّ أعفي كَانَ كالبعير عَقَلَهُ أَهْلُهُ ثُمَّ أَرْسَلُوهُ فَلَمْ يَدْرِ لِمَ عقلوه وَلم يدر لم أَرْسَلُوهُ» . فَقَالَ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ وَمَا الْأَسْقَامُ؟ وَاللَّهِ مَا مَرِضْتُ قَطُّ فَقَالَ: «قُمْ عَنَّا فلست منا» . رَوَاهُ أَبُو دَاوُد

হাদীসের ব্যাখ্যা:

রাসূলুল্লাহ ﷺ এর বাণীর সারমর্ম হচ্ছে এই যে, রোগ-ব্যাধি, দুঃখ-কষ্ট, অস্থিরতা (যা এই দুনিয়ায় আকশ্যিকভাবে হয়েই থাকে) তাকে কেবল বিপদ এবং আল্লাহর ক্রোধের ও শাস্তির বহিঃপ্রকাশ মনে না করা উচিত, আল্লাহর সাথে যারা নিবিড় সম্পর্ক রাখে তাদের জন্য এ সবের মধ্যে বিরাট কল্যাণ ও রহমত নিহিত রয়েছে। এর দ্বারা পাপ বিমোচিত হয়ে যায় এবং আল্লাহর বিশেষ অনুগ্রহ এবং বুলন্দ মর্যাদা লাভ করা যায় এবং আমলের ঘাটতি পূরণ হয়। এগুলো দ্বারা ভাগ্যবানদের প্রশিক্ষণ দেওয়া হয়।

আল্লাহর যে সকল বান্দা বড় বড় রোগ ব্যাধি এবং বিপদাপদকে অনুগ্রহ ও প্রদর্শিত দয়া প্রাপ্তির একটি মাধ্যম মনে করেন তাদের জন্য রাসূলুল্লাহ ﷺ প্রদর্শিত শিক্ষার মধ্যে কতই না বিরাট বরকত নিহিত রয়েছে। আল্লাহ্ তা'আলা এ বিরল মর্যাদা যাদের দান করেছেন তারা ভালভাবে জানেন যে, এ কত বিরাট অনুগ্রহ। তারা আরো জানেন, রোগাক্রান্ত অবস্থায় তাদের ঈমানে কত শক্তি সঞ্চয় হয় এবং আল্লাহর সাথে সম্পর্ক ও ভালবাসার স্তর কত উন্নত করা যায়।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান