মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ৫৮১
- নামাযের অধ্যায়
১. প্রথম অনুচ্ছেদ - (সালাতের) সময়সমূহ
৫৮১। হযরত আব্দুল্লাহ ইবনে আমর (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন, যোহরের নামাযের ওয়াক্ত শুরু হয় সূর্য ঢলে পড়লে এবং যখন মানুষের ছায়া তার দৈর্ঘ্যের সমান হয়। যখন পর্যন্ত না আছরের সময় উপস্থিত হয়। আছরের ওয়াক্ত হল (এর পর হতে) যখন পর্যন্ত না সূর্য হলুদ বর্ণের হয় এবং মাগরিবের নামাযের ওয়াক্ত হল (সূর্যাস্তের পর হতে) যখন পর্যন্ত না লালিমা অদৃশ্য হয়। আর এশার নামাযের ওয়াক্ত হল (তার পর হতে) ঠিক মাঝরাত পর্যন্ত। আর ফজরের ওয়াক্ত হল উষা (সুবহে সাদেক) হতে যখন পর্যন্ত না সূর্যোদয় শুরু হয়। সূর্যোদয় শুরু হলে নামায হতে বিরত থাকবে। কেননা তা উদয় হয় শয়তানের দুই শিংয়ের মধ্যে। -মুসলিম
كتاب الصلاة
بَابُ الْـمَوَاقِيْتِ
عَن عبد اللَّهِ ابْنِ عَمْرٍو قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَقْتُ الظُّهْرِ إِذَا زَالَتِ الشَّمْسُ وَكَانَ ظِلُّ الرَّجُلِ كَطُولِهِ مَا لَمْ يَحْضُرِ الْعَصْرُ وَوَقْتُ الْعَصْرِ مَا لَمْ تَصْفَرَّ الشَّمْسُ وَوَقْتُ صَلَاةِ الْمَغْرِبِ مَا لَمْ يَغِبِ الشَّفَقُ وَوَقْتُ صَلَاةِ الْعِشَاءِ إِلَى نِصْفِ اللَّيْلِ الْأَوْسَطِ وَوَقْتُ صَلَاةِ الصُّبْحِ مِنْ طُلُوعِ الْفَجْرِ مَا لَمْ تَطْلُعِ الشَّمْسُ فَإِذَا طَلَعَتِ الشَّمْسُ فَأَمْسِكْ عَنِ الصَّلَاة فَإِنَّهَا تطلع بَين قَرْني شَيْطَان» . رَوَاهُ مُسلم

হাদীসের ব্যাখ্যা:

রাসূলুল্লাহ ﷺ এ হাদীসে জনৈক প্রশ্নকারীর জবাবে সালাতের প্রথম ও শেষ সময় বর্ণনা করেছেন। এর দ্বারা বুঝা যায় যে, প্রশ্নকারী সম্ভবতঃ রাসূলুল্লাহ ﷺ এর কাছে পাঁচ ওয়াক্ত সালাত কোন্ সময় পর্যন্ত আদায় করা যায় সে সম্পর্কে জিজ্ঞেস করেছেন এবং সালাতের শেষ সময় কি? সালাতের প্রথম সময় সম্পর্কে সম্ভবতঃ তিনি অবহিত ছিলেন।

মাগরিবের সালাত সম্পর্কে এই হাদীসে বলা হয়েছে 'শাফাক' অদৃশ্য না হওয়া পর্যন্ত মাগরিবের সালাতের সময় থাকে। 'শাফাক' কি এ বিষয় প্রাজ্ঞ আলিমগণ একাধিক মতামত দিয়েছেন। একথা সর্বজনবিদিত যে সূর্য অস্তমিত হওয়ার পর পশ্চিমাকাশে লাল আভা ভেসে উঠে১। তারপর উক্ত আভা দূর হয়ে যায় এবং কিছুক্ষণ পর ঐগুলি সাদা হয়ে যায়২।

এরপর আবার উক্ত সাদা আভা অদৃশ্য হয়ে যায়, তারপর কালো আভা নেমে আসে। সুতরাং অধিকাংশ আলিমের অভিমত হচ্ছে, সূর্যাস্তের পর পশ্চিমাকাশে যে লাল আভা ফুটে ওঠে তাই 'শাফাক। এই অভিমত দানকারীদের মতে, পশ্চিমাকাশের লাল আভা দূরীভূত হওয়ার মধ্য দিয়ে মাগরিবের সালাতের সময় শেষ হয়ে যায় এবং ইশার সালাতের সূচনা ঘটে। ইমাম আযম আবু হানীফা (র)-এর প্রসিদ্ধ অভিমত হচ্ছে এই যে, সূর্য অস্তমিত হওয়ার পর পশ্চিমাকাশে যে লাল আভা দেখা যায় এবং তারপর যে সাদা আভা দেখা যায় এতদুভয়কে 'শাফাক' বলা হয়। এ অভিমত অনুসারে ইমাম আযম আবূ হানীফা (র) এর পশ্চিমাকাশে 'শাফাক' এর পর অর্থাৎ সাদা রেখা যখন অবশিষ্ট না থাকে এবং পশ্চিামকাশ কালো হয়ে যায়, তখন থেকে ইশার সালাতের সময় শুরু হয়ে যায়। কিন্তু ইমাম আযম আবু হানীফা (র) সূত্রে আরেকটি অভিমত রয়েছে যা অপরাপর ইমামগণের অনুরূপ। এই মাস'আলার ব্যাপারে তাঁর দুই প্রসিদ্ধ ছাত্র ইমাম আবূ ইউসুফ ও ইমাম মুহাম্মদ (র) এই অভিমত দিয়েছেন। আর এজন্যই বহু প্রবীন হানাফী ফিকহবিদ এই মতের পক্ষে ফাতওয়া দিয়েছেন।

এ হাদীস ও আরো কিছু সংখ্যক হাদীসে ইশার সালাতের শেষ সময় অর্ধরাত বলা হয়েছে। কিন্তু কিছু সংখ্যক হাদীস সূত্রে জানা যায় যে, ইশার সালাতের সময় সুবহে সাদিক পর্যন্ত অবশিষ্ট থাকে। সুতরাং বলা যায় যে, যে সকল হাদীসে ইশার সালাতের শেষ সময় অর্ধরাত বলা হয়েছে। তার মর্ম হচ্ছে, অর্ধরাত পর্যন্ত ইশার সালাতের জায়েয সময় অবশিষ্ট থাকে এবং এর পরে আদায় করা মাকরূহ্ হয়ে যায়। আল্লাহ্ তা'আলা সর্বজ্ঞ।
১. টিকা: বেশির ভাগ সময় এই লাল রং প্রায় এক ঘন্টা স্থায়ী হয়।
২. টিকা: এই সাদা আভা প্রায় আধা ঘন্টা স্থায়ী হয়।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)