মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২- ঈমানের অধ্যায়
হাদীস নং: ১৫৫
- ঈমানের অধ্যায়
৫. প্রথম অনুচ্ছেদ - কিতাব ও সুন্নাহকে সুদৃঢ়ভাবে আঁকড়ে ধরা
১৫৫। হযরত আবু হুরায়রাহ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আহলে কিতাবগণ তাওরাত কিতাব হিব্রু ভাষায় পাঠ করত এবং মুসলমানদেরকে তা আরবী ভাষায় ব্যাখ্যা করে শোনাত। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তোমরা আহলে কিতাবদের সত্যবাদীও বলো না এবং তাদেরকে মিথ্যাবাদীও বলো না বরং তোমরা তাদেরকে বল, “আমরা আল্লাহর উপর ঈমান এনেছি। আর যা আমাদের উপর নাযিল হয়েছে তার উপর” আয়াতের শেষ পর্যন্ত। -বুখারী
كتاب الإيمان
بَابُ الْإِعْتِصَامِ بِالْكِتَابِ وَالسُّنَّةِ
وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: كَانَ أهل الْكتاب يقرؤون التَّوْرَاةَ بِالْعِبْرَانِيَّةِ وَيُفَسِّرُونَهَا بِالْعَرَبِيَّةِ لِأَهْلِ الْإِسْلَامِ. فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تُصَدِّقُوا أَهْلَ الْكِتَابِ وَلَا تُكَذِّبُوهُمْ وَ (قُولُوا آمنا بِاللَّه وَمَا أنزل إِلَيْنَا» الْآيَة. رَوَاهُ البُخَارِيّ
হাদীসের ব্যাখ্যা:
ঘটনা এই যে, তাওরাতে এবং অনুরূপভাবে ইঞ্জিলে বিভিন্ন পরিবর্তন হয়েছিল। এজন্য রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ দিক নির্দেশ প্রদান করেছেন যে, তাদের এসব কথা না সত্যায়ন কর, না মিথ্যা বল। এ আকীদা রাখ এবং অন্যদের সামনেও নিজের এ অবস্থান প্রকাশ করে দাও যে, আল্লাহর সব নবীগণের প্রতি ও আল্লাহ্ তা'আলার নিকট হতে নাযিলকৃত সব হিদায়াতনামার প্রতি আমাদের ঈমান আছে। আমরা এ সবকে সত্য বলে মানি। এ হিসাবে আল্লাহর নবীদের মধ্যে আমরা কোন পার্থক্য করি না। আর আমরা আল্লাহর বান্দা। তাঁরই নির্দেশসমূহের ওপর চলি। আর এ যুগের জন্য তাঁর নির্দেশ এই যে, তাঁর শেষ কিতাব কুরআন ও তা বহনকারী শেষ নবী ও রাসূলের তালিম ও হিদায়াতের অনুসরণ করা হবে। আল্লাহ্ তা'আলার নির্দেশ এটাই। আর বুদ্ধি বিবেকের চাহিদাও এটাই যে, আল্লাহর সব নবীর প্রতি এবং তাঁর নাযিলকৃত সব কিতাবের প্রতি' ঈমান আনা হবে। সবার সম্মান ও মর্যাদার স্বীকৃতি দেওয়া হবে। কিন্তু অনুসরণ করা হবে স্বীয় যুগের নবী ও রাসূলের এবং তাঁর আনীত শরী'আতের।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)