আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ৬২২
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
২৭৭- সাইয়্যেদুল ইস্তিগফার গুনাহ মাফের সেরা দু'আ
৬২২. হযরত ইবন উমর (রাযিঃ) বলেন, আমরা গণনা করিতাম নবী করীম (ﷺ) এক মজলিসে একশতবার বলিতেনঃ رَبِّ اغْفِرْ لِي ، وَتُبْ عَلَيَّ ، إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ “প্রভু, আমাকে মার্জনা কর এবং আমার তাওবা কবূল কর, কেননা তুমিই তাওবা গ্রহণ করার মালিক অতি দয়ালু।"
أبواب الأدب المفرد للبخاري
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدِ اللَّهِ ، قَالَ : حَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ ، عَنْ مَالِكِ بْنِ مِغْوَلٍ ، عَنِ ابْنِ سُوقَةَ ، عَنْ نَافِعٍ ، عَنِ ابْنِ عُمَرَ ، قَالَ : " إِنْ كُنَّا لَنَعُدُّ فِي الْمَجْلِسِ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : رَبِّ اغْفِرْ لِي ، وَتُبْ عَلَيَّ ، إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ " مِائَةَ مَرَّةٍ
হাদীসের ব্যাখ্যা:
হযরত আবদুল্লাহ ইবনে উমর (রা)-এর এ বর্ণনার অর্থ এটা নয় যে, রাসূলুল্লাহ ﷺ ওজীফাস্বরূপ এক এক বৈঠকে একশ'বার করে তাওবা ইস্তিগফার সূচক এ দু'আটি পাঠ করতেন, বরং তিনি যা বুঝাতে চেয়েছেন তা হলো, তিনি মজলিসে বসে স্বাভাবিকভাবে কথাবার্তা বলতেন। আমরা সে মজলিসে হাযির থাকতাম। কথার ফাঁকে ফাঁকে তিনি বার বার আল্লাহ্ দিকে নিবিষ্ট হয়ে এ কালিমাগুলোর মাধ্যমে তাওবা ইস্তিগফারও করতে থাকতেন। আমরা নিজেদের মত তা গুণে গুণে দেখতাম, একই মজলিসে আল্লাহর দরবারে তাঁর এ ইস্তিগফার শতবার হয়ে গেছে! আল্লাহই বেহতর জানেন!
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)