কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

৩৫. যুহদ-দুনিয়ার প্রতি অনাসক্তির বর্ণনা

হাদীস নং: ৪৩২৫
আন্তর্জাতিক নং: ৪৩২৫
যুহদ-দুনিয়ার প্রতি অনাসক্তির বর্ণনা
জাহান্নামের বর্ণনা
৪৩২৫। মুহাম্মাদ ইবন বাশশার (রাহঃ)....... ইবন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা রাসূলুল্লাহ (ﷺ) এ আয়াত তিলাওয়াত করেনঃ

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلاَ تَمُوتُنَّ إِلاَّ وَأَنْتُمْ مُسْلِمُونَ

“হে মু'মিনগণ। তোমরা আল্লাহকে যথার্থভাবে ভয় কর এবং তোমরা আত্মসমর্পণকারী না হয়ে কোন অবস্থায় মরো না"। (৩ঃ ১০২)। (তিনি বললেন) যদি এক ফোটা যাক্কুম যমীনে পড়তো, তবে তা সারা বিশ্বের অধিবাসীদের জীবন নষ্ট করে ফেলত। সুতরাং সে সব লোকদের পরিণতি কতই না ভয়াবহ হবে, যাদের যাক্কুম[১] ব্যতীত আর কোন খাদ্য থাকবে না।

[১] যাকুম এক ধরনের আঠাযুক্ত বৃক্ষ। খাওয়ার সাথে সাথে কণ্ঠনালীতে আটকে যাবে। নীচেও নামবে না, বেরও করা যাবে না। গলিত তামার ন্যায় এবং ফুটন্ত পানির ন্যায় তা পাপীদের উদরে ফুটতে থাকবে।
كتاب الزهد
بَاب صِفَةِ النَّارِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ شُعْبَةَ، عَنْ سُلَيْمَانَ، عَنْ مُجَاهِدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَرَأَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏(يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلاَ تَمُوتُنَّ إِلاَّ وَأَنْتُمْ مُسْلِمُونَ )‏ ‏"‏ وَلَوْ أَنَّ قَطْرَةً مِنَ الزَّقُّومِ قُطِرَتْ فِي الأَرْضِ لأَفْسَدَتْ عَلَى أَهْلِ الدُّنْيَا مَعِيشَتَهُمْ فَكَيْفَ بِمَنْ لَيْسَ لَهُ طَعَامٌ غَيْرُهُ ‏"‏ ‏.‏

হাদীসের ব্যাখ্যা:

জাহান্নামীদের জন্য আল্লাহ রাব্বুল আলামীন যে সব কষ্টদায়ক খাদ্য তৈরী করেছে তার মধ্যে যাক্কুম অন্যতম। জাহান্নামের খাদ্য তালিকার মধ্যে হামীম, গাস্সাক, গিসলীন, যাক্কুম, কাঁটাযুক্ত ঘাস প্রভৃতি রয়েছে। কোন খাদ্য জাহান্নামীর ক্ষুধা দূর করবে না। ক্ষুধা ও পিপাসায় কাতর হয়ে তারা এসব কষ্টদায়ক ও অপমানজনক খাদ্য গ্রহণ করবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)