কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
৩০. পোশাক-পরিচ্ছদের অধ্যায়
হাদীস নং: ৩৬০৫
আন্তর্জাতিক নং: ৩৬০৫
পোশাক-পরিচ্ছদের অধ্যায়
অপচয় বা অহংকার পরিহার করে যা ইচ্ছা তাই পর
৩৬০৫। আবু বাকর ইব্ন আবু শায়বা (রাহঃ)...... আমর ইব্ন শু'আয়ের (রাযিঃ)-এর দাদা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ পানাহার কর, সাদাকাহ কর এবং পরিধান কর যতক্ষণ না তাতে অপচয় বা অহংকারের সংযোগ না ঘটে।
كتاب اللباس
بَاب الْبَسْ مَا شِئْتَ مَا أَخْطَأَكَ سَرَفٌ أَوْ مَخِيلَةٌ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَنْبَأَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " كُلُوا وَاشْرَبُوا وَتَصَدَّقُوا وَالْبَسُوا مَا لَمْ يُخَالِطْهُ إِسْرَافٌ أَوْ مَخِيلَةٌ " .
হাদীসের ব্যাখ্যা:
খানা পিনা, লেবাস-পোশাক ইত্যাদি সম্পর্কে এ হাদীসে যা কিছু বলা হয়েছে, এটা একটা সুস্পষ্ট বিধান ও নীতি। অর্থাৎ, মানুষ হালাল খাদ্যসমূহ থেকে নিজের ইচ্ছানুযায়ী খাবে, পান করবে এবং মনমত হালাল পোশাক পরিধান করবে, এটা জায়েয। তবে শর্ত এই যে, তা অপচয়ের সীমায় পৌঁছতে পারবে না এবং অন্তরে গর্ব ও অহংকার থাকতে পারবে না। ইমাম বুখারী (রহ) বুখারী শরীফে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.-এর এ বাণী উদ্ধৃত করেছেন: كل ما شئت والبس ما شئت ما أخطأتك اثنتان: سرف ومخيلة যা মনে চায় খাও, যা মনে চায় পরিধান কর, (এতে কোন দোষ নেই।) যে পর্যন্ত এ দু'টি বিষয় না থাকে, (১) অপচয়, (২) অহংকার। এ বিষয়ে এটাই মৌলিকনীতি ও শরী‘আতের মাপকাঠি।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)