কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

৫. নামাযের আদ্যোপান্ত বর্ণনা এবং সুন্নাতসমূহ

হাদীস নং: ১০৯৫
আন্তর্জাতিক নং: ১০৯৫
নামাযের আদ্যোপান্ত বর্ণনা এবং সুন্নাতসমূহ
জুমু'আর দিন উত্তম পোশাক পরিধান সম্পর্কে
১০৯৫। হারমালা ইবন ইয়াহ্ইয়া (রাহঃ) .... 'আব্দুল্লাহ্ ইবন সালাম (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি জুমু'আর দিন রাসূলুল্লাহ্ (ﷺ)-কে মিম্বর থেকে বলতে শুনেছেনঃ তোমরা যে বস্ত্র পরিধান করে কাজকর্ম কর, তা ব্যতীত জুমু'আর দিনের জন্য যদি আরো দুটো বস্ত্র ক্রয় করতে (তাহলে ভালো হত)।
আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) ......... 'আব্দুল্লাহ্ ইবন সালাম (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী (ﷺ) আমাদের উদ্দেশ্যে ভাষণ দেন এবং উপরিউক্ত কথা উল্লেখ করেন।
أبواب إقامة الصلوات والسنة فيها
بَاب مَا جَاءَ فِي الزِّينَةِ يَوْمَ الْجُمُعَةِ
حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ مُوسَى بْنِ سَعِيدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ يَحْيَى بْنِ حَبَّانَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَلاَمٍ، أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ عَلَى الْمِنْبَرِ فِي يَوْمِ الْجُمُعَةِ ‏ "‏ مَا عَلَى أَحَدِكُمْ لَوِ اشْتَرَى ثَوْبَيْنِ لِيَوْمِ الْجُمُعَةِ سِوَى ثَوْبِ مِهْنَتِهِ ‏"‏ ‏.‏
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا شَيْخٌ، لَنَا عَنْ عَبْدِ الْحَمِيدِ بْنِ جَعْفَرٍ، عَنْ مُحَمَّدِ بْنِ يَحْيَى بْنِ حَبَّانَ، عَنْ يُوسُفَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ سَلاَمٍ، عَنْ أَبِيهِ، قَالَ خَطَبَنَا النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ ‏.‏ فَذَكَرَ ذَلِكَ ‏.‏

হাদীসের ব্যাখ্যা:

প্রত্যহ পরিধেয় কাপড় ব্যতীত পৃথক একজোড়া কাপড় রাখায় মনে সন্দেহের উদ্রেক হতে পারে যে এ কাজ সাদাসিধে জীবন ও কৃচ্ছতা পরিপন্থী এবং অপছন্দনীয়ও বটে। আলোচ্য হাদীসে উক্ত সন্দেহ দূর করা হয়েছে। হাদীসের মর্ম হল এই যে, জুমু'আর সালাত মূলত মুসলমানদের সাপ্তাহিক ঈদ। তাই সাধ্যমত উত্তম পোশাক পরিধান করা আল্লাহর কাছে পসন্দনীয় ব্যাপার। তাই সালাতের জন্য আরেক জোড়া বিশেষ কাপড় রাখায় দোষের কিছু নেই।

ইমাম তাবারানী (র.) মু'জামুস সাগীর ও আওসাত গ্রন্থে হযরত আয়েশা (রা.) থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ ﷺ এর একজোড়া বিশেষ কাপড় ছিল। তিনি জুমু'আর দিন তা পরিধান করতেন। এরপর তিনি সালাত শেষ করে বাসায় ফিরলে আমরা তা ভাজ করে রাখতাম। পরবর্তী জুমু'আর জন্য আবার বের করতাম কিন্তু হাদীসবিশারদগণের নিকট এই হাদীসের সূত্র দুর্বল। (জামউল ফাওয়ায়েদ মা'আত'তালীকাতি আ'যাবিল মাওয়ারিদ, প্রথম খণ্ড, পৃ. ২৬০ দ্র.)
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
সুনানে ইবনে মাজা - হাদীস নং ১০৯৫ | মুসলিম বাংলা