কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

৯. জিহাদের বিধানাবলী

হাদীস নং: ২৬৬৬
আন্তর্জাতিক নং: ২৬৭৫
জিহাদের বিধানাবলী
১৬. দুশমনকে আগুনে না পোড়ানো।
২৬৬৬. আবু সালিহ্ মাজবূব ইবনে মুসা (রাহঃ) ...... আব্দুল্লাহ্ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ একদা কোন এক সফরে আমরা রাসূলুল্লাহ্ (ﷺ) এর সঙ্গী ছিলাম। তিনি প্রকৃতির আহবানে সাড়া দেওয়ার জন্য যান। আমরা সেখানে একটা চড়ুই পাখি দেখতে পাই, যার সাথে দুটি বাচ্চা ছিল। আমরা চড়ুই পাখির বাচ্চা দু‘টিকে ধরে ফেলি, ফলে পাখিটি (আমাদের মাথার উপর) ডানা মেলে উড়তে থাকে। এ সময় নবী করীম (ﷺ) বলেনঃ এ চড়ুই পাখির বাচ্চা নিয়ে কে একে বিব্রত করছ? এ বাচ্চাকে তোমরা ফিরিয়ে দাও। এরপর তিনি পিঁপড়ার সেই গর্তটি দেখলেন, যা আমরা পুড়িয়ে দিয়েছিলাম। তখন তিনি জিজ্ঞাসা করলেনঃ কে এটি পুড়িয়েছে? আমরা বললামঃ আমরা পুড়িয়েছি। তখন তিনি বললেনঃ আগুন দিয়ে কাউকে শাস্তি দেওয়া কেবল মাত্র আগুনের রব ছাড়া আর কারো জন্য উচিত নয়।
كتاب الجهاد
باب فِي كَرَاهِيَةِ حَرْقِ الْعَدُوِّ بِالنَّارِ
حَدَّثَنَا أَبُو صَالِحٍ، مَحْبُوبُ بْنُ مُوسَى أَخْبَرَنَا أَبُو إِسْحَاقَ الْفَزَارِيُّ، عَنْ أَبِي إِسْحَاقَ الشَّيْبَانِيِّ، عَنِ ابْنِ سَعْدٍ، - قَالَ غَيْرُ أَبِي صَالِحٍ عَنِ الْحَسَنِ بْنِ سَعْدٍ، - عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ، قَالَ كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي سَفَرٍ فَانْطَلَقَ لِحَاجَتِهِ فَرَأَيْنَا حُمَّرَةً مَعَهَا فَرْخَانِ فَأَخَذْنَا فَرْخَيْهَا فَجَاءَتِ الْحُمَّرَةُ فَجَعَلَتْ تَفْرُشُ فَجَاءَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ " مَنْ فَجَعَ هَذِهِ بِوَلَدِهَا رُدُّوا وَلَدَهَا إِلَيْهَا " . وَرَأَى قَرْيَةَ نَمْلٍ قَدْ حَرَّقْنَاهَا فَقَالَ " مَنْ حَرَّقَ هَذِهِ " . قُلْنَا نَحْنُ . قَالَ " إِنَّهُ لاَ يَنْبَغِي أَنْ يُعَذِّبَ بِالنَّارِ إِلاَّ رَبُّ النَّارِ " .

হাদীসের ব্যাখ্যা:

আল্লাহ মানুষকে জন্তু-জানোয়ার এবং পশুপাখির উপর পূর্ণ কর্তৃত্ব দান করেছেন। মানুষ প্রয়োজন-মোতাবিক পশুপাখিকে কাজে লাগাতে পারে। কিন্তু এ ব্যাপারেও খুব সতর্কতা অবলম্বন করার জন্য আল্লাহর নবী ﷺ হিদায়াত করেছেন। যেসব জন্তুকে যবেহ করে খাওয়া বৈধ, সেগুলো আগুনের মধ্যে বা ফুটন্ত পানি অথবা তেলের মধ্যে নিক্ষেপ করা খুবই অন্যায় এবং গুনাহর কাজ। কোন ইতর প্রাণীর বাচ্চাকে তার মায়ের কাছে থেকে বিচ্ছিন্ন করে তার মায়ের মনে কষ্ট দেয়া অনুচিত এবং রাসুলের শিক্ষার সম্পূর্ণ পরিপন্থি। মানুষের প্রয়োজন পূরণ করার জন্য যখন বেশুমার পূর্ণবয়স্ক পশুপাখি রয়েছে, তখন কেন পশুপাখির বাচ্চা বধ করা হবে। অবশ্য প্রয়োজনবশত তা ব্যবহার করা যাবে। তবে বিনা প্রয়োজনে শুধু শখ মিটানোর জন্য পশুপাখির বাচ্চাকে মা থেকে বিচ্ছিন্ন করা যাবে না। যে সব পশুপাখি বা প্রাণী খাওয়া বৈধ নয়, সেগুলোকে অহেতুক বিরক্ত করা অনুচিত এবং আগুন দ্বারা তাদেরকে মারা অন্যায়। বিষধর এবং হিংস্র প্রাণী ছাড়া প্রত্যেক ইতর প্রাণীর দুনিয়ার বুকে জীবন ধারণ করার অধিকার বৈধ এবং স্বীকৃত।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)