মা'আরিফুল হাদীস

গুণাবলী ও ফযীলত অধ্যায়

হাদীস নং: ২১৭
গুণাবলী ও ফযীলত অধ্যায়
হযরত আবু উবায়দা ইবনুল জাররাহ রাযি.
২১৭. হযরত হুযায়ফা রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, নাজরান এলাকার লোকেরা এসে বলল, ইয়া রাসূলাল্লাহ! একজন বিশ্বস্ত ব্যক্তি আমাদের জন্য নির্বাচন করে প্রেরণ করুন। তিনি উত্তরে বললেন, আমি তোমাদের প্রতি একজন যথার্থ বিশ্বস্ত লোক প্রেরণ করব। লোকেরা তখন এ প্রত্যাশায় রইল। (হযরত হুযায়ফা বলেন,) রাসুলুল্লাহ (ﷺ) তখন আবু উবায়দাকে সেখানে প্রেরণ করলেন। (বুখারী, মুসলিম)
کتاب المناقب والفضائل
عَنْ حُذَيْفَةَ، قَالَ: جَاءَ أَهْلُ نَجْرَانَ إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالُوا: يَا رَسُولَ اللهِ ابْعَثْ إِلَيْنَا رَجُلًا أَمِينًا فَقَالَ: «لَأَبْعَثَنَّ إِلَيْكُمْ رَجُلًا أَمِينًا حَقَّ أَمِينٍ حَقَّ أَمِينٍ»، قَالَ فَاسْتَشْرَفَ لَهَا النَّاسُ قَالَ فَبَعَثَ أَبَا عُبَيْدَةَ بْنَ الْجَرَّاحِ. (رواه البخارى ومسلم)

হাদীসের ব্যাখ্যা:

নাজরান একটি অঞ্চলের নাম যা ইয়ামন, শাম ও হেজাযের মাঝে অবস্থিত। এর বড় ও কেন্দ্রীয় শহরকে নাজরানই বলা হত। এটা দশম হিজরীতে বিজিত হয়। এখানকার অধিকাংশ বাসিন্দা খ্রিস্টান ছিল এবং এটা এ অঞ্চলে খ্রিস্টধর্মের সবচেয়ে বড় কেন্দ্র ছিল। এই নাজরান অঞ্চলের একটি প্রতিনিধি দল হুযুর (ﷺ)-এর খেদমতে উপস্থিত হয়ে ঐ আবেদনটি করেছিল, যার আলোচনা হযরত হুযায়ফা ইবনুল ইয়ামানের ব্যাখ্যাধীন হাদীসে করা হয়েছে। তাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে রাসূলুল্লাহ (ﷺ) হযরত আবু উবায়দা ইবনুল জাররাহকে সেখানকার শাসক হিসাবে প্রেরণ করেছিলেন।

কানযুল উম্মালে হযরত হুযায়ফার এ হাদীসটি মুসনাদে আহমাদ ইত্যাদি বিভিন্ন হাদীসগ্রন্থের বরাতেও উল্লেখ করা হয়েছে এবং সেখানে নাজরানী প্রতিনিধি দলের আবেদনের পরিপ্রেক্ষিতে রাসূলুল্লাহ (ﷺ) এ কথাটি তিনবার বলেছিলেন বলে উল্লেখ পাওয়া যায়:

" لأَبْعَثَنَّ إِلَيْكُمْ رَجُلاً أَمِينًا حَقَّ أَمِينٍ حَقَّ أَمِينٍ "

একথা স্পষ্ট যে, হুযুর (ﷺ)-এর এ কথাটি তিন বার বলার যারা বিশ্বস্ততা গুণে হযরত আবু উবায়দা কোন স্তরে ছিলেন, তা সহজেই বুঝে এসে যায় এবং এর দ্বারা হযরত আবু উবায়দা রাযি.-এর বিশেষ মর্যাদাই ফুটে উঠে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান