মা'আরিফুল হাদীস

গুণাবলী ও ফযীলত অধ্যায়

হাদীস নং: ১৯১
গুণাবলী ও ফযীলত অধ্যায়
হযরত আলী রাযি.-এর ফযীলত ও মর্যাদা
১৯১. হযরত আলী রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন: আমি নিজেকে রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে এ অবস্থায় দেখেছি যে, ক্ষুধার কারণে নিজের পেটে পাথর বেঁধে রাখতাম। (আর বর্তমানে আল্লাহর ফযলে আমার অবস্থা এই যে,) আমার সম্পদের যাকাত হয় চল্লিশ হাজার স্বর্ণমুদ্রা। (মুসনাদে আহমদ)
کتاب المناقب والفضائل
عَنْ عَلِيٍّ، رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: «لَقَدْ رَأَيْتُنِي مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَإِنِّي لارْبُطُ الْحَجَرَ عَلَى بَطْنِي مِنَ الجُوعِ، وَإِنَّ مَالِىْ لِتَبْلُغُ اَرْبَعِيْنَ اَلْفَ دِيْنَارٍ» (رواه احمد)

হাদীসের ব্যাখ্যা:

মা'আরিফুল হাদীসের 'রিকাক' অধ্যায়ে ঐসব হাদীস লিখে আসা হয়েছে, যেগুলোর মধ্যে উল্লেখ করা হয়েছে যে, রাসূলুল্লাহ (ﷺ) নিজের জন্য এবং আপন পরিবারের জন্য অভাব-অনটনের জীবন বেঁছে নিয়েছিলেন এবং আল্লাহ তা'আলার নিকট এর জন্য দু‘আ করেছিলেন। উপর্যুপরি কয়েকদিন তাঁর ও তাঁর পরিবারের অবস্থা এমন হত যে, তখন তাদের কিছুই খাওয়ার পালা আসত না। এমন দিন সমূহে তিনি কখনো কখনো প্রচণ্ড দুর্বলতার কারণে পেটে পাথর বেঁধে নিতেন, যার দ্বারা দুর্বলতা কিছুটা কম অনুভূত হত। তাঁর বিশিষ্ট ঘনিষ্ঠজনের মধ্যে হযরত আলী রাযি.ও ছিলেন। তাঁকেও কখনো কখনো এমন করতে হত। এ হাদীসে তিনি ঐ সময়ের বরাত দিয়ে বলেছেন যে, একটা যুগ এমন ছিল যে, ক্ষুধার কারণে হুযুর (ﷺ)-এর সাথে আমাকেও পেটে পাথর বাঁধতে হত। আর বর্তমানে আল্লাহর ফযলে আমার নিকট এ পরিাণ সম্পদ রয়েছে যে, চল্লিশ হাজার স্বর্ণমুদ্রা এর যাকাতই আসে।

হুযুর (ﷺ)-এর জীবনধারা অনুযায়ী অভাব-অনটনের জীবন পছন্দ করা নিঃসন্দেহে সৌভাগ্য ও বিরাট মর্যাদার বিষয়। আর যদি আল্লাহ্ তা'আলা কোন বান্দাকে বৈধ ও হালাল পন্থায় সম্পদ দান করেন, আর সে আল্লাহর শুকরিয়ার সাথে সম্পদের হক আদায় করে, তাহলে এটাও আল্লাহ্ তা'আলার এক বিশেষ অনুগ্রহ। রাসূলুল্লাহ (ﷺ)-এর এ জাতীয় বাণী ও বক্তব্যও মা'আরিফুল হাদীস সিরিজে ইতিপূর্বেই উল্লেখ করা হয়েছে। আল্লাহ্ তা'আলা হযরত আলী রাযি.-কে হুযুর (ﷺ)-এর জীবনধারায় ক্ষুধা ও দারিদ্রের জীবনের সৌভাগ্যও দান করেছেন এবং পরবর্তীতে সম্পদ ও সম্পদের হক আদায় করার নেয়ামত দ্বারাও ধন্য করেছেন। ما أحسن الدنيا والدنيا لو اجتمعا
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মা'আরিফুল হাদীস - হাদীস নং ১৯১ | মুসলিম বাংলা