মা'আরিফুল হাদীস

গুণাবলী ও ফযীলত অধ্যায়

হাদীস নং: ১৭৬
গুণাবলী ও ফযীলত অধ্যায়
হযরত উসমান যিন্নুরাইন রাযি.-এর ফযীলত ও মর্যাদা
১৭৬. হযরত ইসমাহ ইবনে মালেক রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, যখন রাসূলুল্লাহ (ﷺ) এর ঐ কন্যার ইন্তিকাল হয়ে গেল- যিনি হযরত উসমানের বিবাহাধীন ছিলেন (অর্থাৎ, হযরত উম্মে কুলসুম।) রাসূলুল্লাহ (ﷺ) তখন লোকদেরকে বললেন, তোমরা উসমানের বিয়ের ব্যবস্থা করে দাও। আমার যদি তৃতীয় কোন কন্যা থাকত, তাহলে আমি তাকেও উসমানের নিকটই বিয়ে দিতাম। আমি আমার কন্যাদেরকে ওহীর মাধ্যমে আগত নির্দেশের ভিত্তিতেই উসমানের নিকট বিয়ে দিয়েছিলাম। -ইবনে আসাকির
کتاب المناقب والفضائل
عَنْ عِصْمَةَ بْنِ مَالِكٍ الْخِطْمِىِّ قَالَ: لَمَّا مَاتَتْ بِنْتُ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَحْتَ عُثْمَانَ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «زَوِّجُوا عُثْمَانَ لَو كَانَ لِي ثَالِثَةً لَزَوَّجْتُهُ، وَمَا زَوَّجْتُهُ إِلَّا بِالْوَحْيِ مِنَ اللهِ» (رواه ابن عساكر)

হাদীসের ব্যাখ্যা:

হুযুর (ﷺ) আপন কন্যা হযরত উম্মে কুলসুমকে তার বড় বোন হযরত রুকাইয়্যার ইন্তিকালের পর হযরত উসমানের নিকট বিয়ে দিয়েছিলেন। তিনিও নবম হিজরীতে ইন্তিকাল করে গেলে হুযুর (ﷺ) সাহাবায়ে কেরামকে বললেন যে, আপনাদের কারো কন্যা, বোন অথবা আত্মীয় থাকলে হযরত উসমানের সাথে বিয়ের ব্যবস্থা করে দিন। আমার যদি অবিবাহিত তৃতীয় কোন কন্যা থাকত, তাহলে আমি তাকেও উসমানের নিকট বিয়ে দিয়ে দিতাম এবং এর জন্য আপনাদেরকে বলতাম না। এরই সাথে তিনি এ কথাও বললেন যে, আমি যে আমার কন্যাদ্বয়কে হযরত উসমানের নিকট বিয়ে দিয়েছিলাম, এটা কেবল নিজের সিদ্ধান্ত ও নিজস্ব মতে নয়; বরং ওহীর মাধ্যমে প্রাপ্ত আল্লাহর নির্দেশে করেছিলাম।

হুযুর (ﷺ)-এর এ বক্তব্য দ্বারা আল্লাহ্ তা'আলা এবং রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট হযরত উসমানের যে অবস্থান ও মর্যাদা জানা যায়, এটা অত্যন্ত স্পষ্ট। رَضِيَ اللَّهُ عَنْهُ وَأَرْضَاهُ
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মা'আরিফুল হাদীস - হাদীস নং ১৭৬ | মুসলিম বাংলা