মা'আরিফুল হাদীস
গুণাবলী ও ফযীলত অধ্যায়
হাদীস নং: ১৩৯
গুণাবলী ও ফযীলত অধ্যায়
হযরত আবূ বকর সিদ্দীক রাযি.-এর ফযীলত ও মর্যাদা
১৩৯. হযরত আবূ হুরায়রা রাযি. থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: জিবরাঈল আমীন আমার কাছে আসলেন, আমার হাত ধরলেন এবং আমাকে জান্নাতের ঐ দরজাটি দেখালেন, যে দরজা দিয়ে আমার উম্মত জান্নাতে প্রবেশ করবে। আবূ বকর রাযি. এ কথা শুনে বললেন, ইয়া রাসূলাল্লাহ! আমার মনের বাসনা, আমি যদি আপনার সাথে থাকতাম এবং ঐ দরজাটি দেখে নিতাম। রাসূলুল্লাহ (ﷺ) তখন বললেন, আবু বকর। তুমি জেনে রাখ যে, আমার উম্মতের মধ্যে তুমিই সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে। -আবু দাউদ
کتاب المناقب والفضائل
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَتَانِي جِبْرِيلُ فَأَخَذَ بِيَدِي فَأَرَانِي بَابَ الْجَنَّةِ الَّذِي تَدْخُلُ مِنْهُ أُمَّتِي» فَقَالَ أَبُو بَكْرٍ: يَا رَسُولَ اللَّهِ، وَدِدْتُ أَنِّي كُنْتُ مَعَكَ حَتَّى أَنْظُرَ إِلَيْهِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «أَمَا إِنَّكَ يَا أَبَا بَكْرٍ أَوَّلُ مَنْ يَدْخُلُ الْجَنَّةَ مِنْ أُمَّتِي» (رواه ابوداؤد)
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীসে হুযুর (ﷺ) এ ঘটনা বর্ণনা করেছেন যে, জিবরাঈল আমীন আমার কাছে আসলেন, আমার হাত ধরে নিজের সাথে নিয়ে গেলেন এবং জান্নাতের ঐ দরজাটি দেখালেন, যা দিয়ে আমার উম্মত জান্নাতে প্রবেশ করবে। এটা শবে মে'রাজের ঘটনা হতে পারে, আর এটাও সম্ভব যে, অন্য কোন সময় জিবরাঈল (আঃ) আল্লাহর হুকুমে হুযুর (ﷺ)-কে জান্নাতের ঐ দরজাটি দেখানোর জন্য নিয়ে গিয়েছিলেন। এটা মেরাজের ন্যায় উর্ধ্ব জগতের ভ্রমণও হতে পারে এবং কাশফও হতে পারে। যাহোক, যখন হযরত আবু বকর রাযি. হুযুর (ﷺ) থেকে এ কথা শুনে আরয করলেন যে, হযরত! আমার অন্তরে আকাঙ্খা সৃষ্টি হয়েছে যে, হায়। আমিও যদি ঐ সময় আপনার সাথে থাকতাম এবং আমিও যদি জান্নাতের ঐ দরজাটি দেখে নিতাম। হুযুর (ﷺ) তখন তাকে সুসংবাদ দিলেন যে, তুমি জান্নাতের দরজা দেখার আকাঙ্খা প্রকাশ করছ, আমি তো তোমাকে এর চেয়ে আরো বড় নেয়ামতের সুসংবাদ দিচ্ছি। তুমি জেনে রাখ যে, আমার উম্মতের মধ্যে সবার আগে তুমিই জান্নাতে প্রবেশ করবে। নিঃসন্দেহে এটি এ কথার উজ্জ্বল প্রমাণ যে, হযরত আবু বকর সিদ্দীকই উম্মতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ও উঁচু মর্যাদার অধিকারী। رضي الله عنه وأرضاه
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)