মা'আরিফুল হাদীস

গুণাবলী ও ফযীলত অধ্যায়

হাদীস নং: ১৩৪
গুণাবলী ও ফযীলত অধ্যায়
ওফাত ও ওফাতপূর্ব অসুস্থতা
১৩৪. হযরত আয়েশা রাযি. থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন ইন্তিকাল করলেন, তখন তাঁর দাফনের স্থান নিয়ে লোকদের মধ্যে মতভেদ দেখা দিল। এ সময় হযরত আবূ বকর রাযি. বললেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) থেকে এ ব্যাপারে একটি কথা শুনেছি। তিনি বলেছিলেন, আল্লাহ্ তা'আলা প্রত্যেক নবীকে ঐ জায়গায়ই ওফাত দেন, যেখানে তিনি দাফন হতে পছন্দ করেন। অতএব, তাঁকে তাঁর বিছানার স্থানেই দাফন করা হোক। -তিরমিযী
کتاب المناقب والفضائل
عَنْ عَائِشَةَ، قَالَتْ: لَمَّا قُبِضَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اخْتَلَفُوا فِي دَفْنِهِ، فَقَالَ أَبُو بَكْرٍ: سَمِعْتُ مِنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَيْئًا مَا نَسِيتُهُ، قَالَ: مَا قَبَضَ اللَّهُ نَبِيًّا إِلاَّ فِي الْمَوْضِعِ الَّذِي يُحِبُّ أَنْ يُدْفَنَ فِيهِ، ادْفِنُوهُ فِي مَوْضِعِ فِرَاشِهِ. (رواه الترمذى)

হাদীসের ব্যাখ্যা:

হাদীসটির মর্ম এটাই যে, হুযুর (ﷺ)-এর ওফাতের পর এ ব্যাপারে সাহাবায়ে কেরামের মধ্যে মতবিরোধ দেখা দিল যে, তাঁকে কোথায় দাফন করা হবে। হাদীস ব্যাখ্যাতাগণ উল্লেখ করেছেন যে, কারো কারো মত ছিল যে, তাঁকে সম্মানিত নগরী মক্কায় নিয়ে দাফন করা হোক, কারো কারো অভিমত ছিল যে, মদীনাতেই জান্নাতুল বাকীতে দাফন করা হোক। এ সময় হযরত আবূ বকর সিদ্দীক রাযি. বললেন, এ ব্যাপারে আমি স্বয়ং রাসূলুল্লাহ (ﷺ) থেকে একটি কথা শুনেছি। তিনি বলতেন যে, নবী-রাসূলদের সাথে আল্লাহ তা'আলার আচরণ এই চলে আসছে যে, তাঁদের মৃত্যু ঠিক ঐ স্থানে হয়, যেখানে তাঁর দাফন হওয়া ঐ পয়গাম্বর অথবা স্বয়ং আল্লাহ্ তা'আলার পছন্দ হয়। তাই হুযুর (ﷺ)-কে তাঁর ঐ বিছানার জায়গায় দাফন করা হোক, যার উপর তিনি ইন্তিকাল করেছেন। বস্তুতঃ এ অনুযায়ীই কাজ করা হল এবং হুযুর (ﷺ)-কে হযরত আয়েশা রাযি.-এর হুজরায় ঐ স্থানেই দাফন করা হল, যেখানে বিছানায় তিনি আরাম করতেন এবং যেখানে তিনি ওফাত পেয়েছেন। কতইনা ভাগ্যবান ঐ ভূখণ্ড, যা সাইয়্যেদুল মুরসালীন, খাতামুন নাবিয়্যীন, মাহবুবু রাব্বিল আলামীনকে কিয়ামত পর্যন্ত সময়কালের জন্য নিজের বক্ষে ধারণ করে নিয়েছে। صلى الله عليه وبارك وسلم دائمًا أبدًا
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান