মা'আরিফুল হাদীস

গুণাবলী ও ফযীলত অধ্যায়

হাদীস নং: ১২১
গুণাবলী ও ফযীলত অধ্যায়
ওফাত ও ওফাতপূর্ব অসুস্থতা
১২১. হযরত আয়েশা রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আপন রোগশয্যায় আমাকে বললেন, তোমার পিতা আবু বকর ও ভাই (আব্দুর রহমান)-কে আমার নিকট ডেকে নিয়ে আস- যাতে আমি একটি লিখিত জিনিস (ওসিয়্যতনামা হিসাবে) লিখিয়ে দেই। কেননা, আমার আশংকা যে, কোন আকাঙ্ক্ষী এর আকাঙ্ক্ষা করবে অথবা কেউ বলবে যে, আমি এর বেশী উপযুক্ত কিন্তু আল্লাহ এবং মু'মিনগণ আবূ বকর ছাড়া অন্য কাউকে গ্রহণ করবে না এবং মেনে নিবে না। মুসলিম
کتاب المناقب والفضائل
عَنْ عَائِشَةَ، قَالَتْ: قَالَ لِي رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: فِي مَرَضِهِ " ادْعِي لِي أَبَا بَكْرٍ، أَبَاكِ، وَأَخَاكِ، حَتَّى أَكْتُبَ كِتَابًا، فَإِنِّي أَخَافُ أَنْ يَتَمَنَّى مُتَمَنٍّ وَيَقُولُ قَائِلٌ: أَنَا أَوْلَى، وَيَأْبَى اللهُ وَالْمُؤْمِنُونَ إِلَّا أَبَا بَكْرٍ " (رواه مسلم)

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীসের সারকথা এই যে, হুযুর (ﷺ)-এর শেষ অসুস্থতার সময় তাঁর অন্তরে এ আগ্রহ সৃষ্টি হল যে, আল্লাহ্ তা'আলা যে কাজের জন্য আমাকে প্রেরণ করেছেন এবং যে কাজ এতদিন আমার দ্বারা নিয়েছেন, আমার পর এ দায়িত্ব পালনের জন্য (যার নাম খেলাফতে নবুওয়াত,) আবু বকরকে নির্বাচন করা হোক এবং এ ব্যাপারে একটি ওসিয়্যতনামা লিখিয়ে দেওয়া হোক। এ চিন্তায়ই তিনি হযরত আয়েশাকে বললেন যে, তোমার পিতা আবু বকর ও তোমার ভাই আব্দুর রহমানকে আমার নিকট আসতে বল। আমার আশংকা যে, দ্বিতীয় কেউ এর আকাঙ্ক্ষা করে বসবে, আবার তৃতীয় কেউ বলবে যে, আমি এর অধিক হকদার এবং এ খেদমত ও দায়িত্ব আমি সুন্দরভাবে আঞ্জাম দিতে পারব। এভাবে বিরোধ সৃষ্টি হওয়ার আশংকা রয়েছে। তাই এ আশংকা থেকে হেফাযতের জন্য আমি চাই যে, আবু বকরের ব্যাপারে ওসিয়্যতনামা লিখিয়ে দেই। কিন্তু এরপর তিনি এর প্রয়োজনবোধ করলেন না। তিনি আশ্বস্ত হয়ে গেলেন যে, এমনটাই হবে। আল্লাহ তা'লার তাওফীকে স্বয়ং মু'মিনরা এ ফায়সালাই করবে। যেমন, তিনি স্বয়ং হযরত আয়েশাকে বলে দিলেন : وَيَأْبَى اللَّهُ وَالْمُؤْمِنُونَ إِلاَّ أَبَا بَكْرٍ (আল্লাহ্ তা'আলা ও মু'মিনগণ আবু বকর ছাড়া অন্য কাউকে মেনে নিবে না।)
বুখারী শরীফের এক রিওয়ায়াত থেকে জানা যায় যে, এ ঘটনাটি হুযুর (ﷺ)-এর ওফাতকালীন অসুস্থতার প্রথম দিনের। (খেলাফতে নবুওয়াত ও এর স্বরূপ কি? এ প্রসঙ্গে ইন্‌শাআল্লাহ্ আগত একটি হাদীসের ব্যাখ্যায় কিছু নিবেদন করা হবে।)
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান