মা'আরিফুল হাদীস

গুণাবলী ও ফযীলত অধ্যায়

হাদীস নং: ৯৭
গুণাবলী ও ফযীলত অধ্যায়
রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর মহান গুণাবলি ও সুউচ্চ মর্যাদাসমূহ
৯৭. হযরত আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, কিয়ামতের দিন আমি সব আদম সন্তানের সায়্যিদ (সরদার) হব। আর এটা আমি গর্ব হিসাবে বলছি না। আর সে দিন প্রশংসার পতাকা আমার হাতে হবে। এটাও আমি গর্ব হিসাবে বলছি না। আর আদম (আ) ছাড়াও সব নবী-রাসূল সেদিন আমার পতাকাতলে হবেন। আমি প্রথম সেই ব্যক্তি হব, যার কবরের যমীন উপর থেকে বিদীর্ণ হবে। এটাও আমি গর্ব হিসাবে বলছি না বরং আল্লাহ্ তা'আলার নির্দেশে তাঁর নি'আমতরাজি ও ইহসান্সমূহের বর্ণনাস্বরূপ বলছি। (জামি' তিরমিযী)
کتاب المناقب والفضائل
عَنْ أَبِي سَعِيدٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَنَا سَيِّدُ وَلَدِ آدَمَ يَوْمَ الْقِيَامَةِ وَلاَ فَخْرَ وَبِيَدِي لِوَاءُ الْحَمْدِ وَلاَ فَخْرَ وَمَا مِنْ نَبِيٍّ يَوْمَئِذٍ آدَمُ فَمَنْ سِوَاهُ إِلاَّ تَحْتَ لِوَائِي وَأَنَا أَوَّلُ مَنْ يُنْشَقُّ عَنْهُ الأَرْضُ وَلاَ فَخْرَ. (رواه الترمذى)

হাদীসের ব্যাখ্যা:

আলোচ্য হাদীসে হযরত আবু সাঈদ খুদরী (রা) রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর বিশেষ বৈশিষ্ট্যমণ্ডিত অতিরিক্ত নি'আমত ও সম্মানের উল্লেখ করেছেন যে, কিয়ামতের দিন لِوَاءُ الْحَمْدِ (প্রশংসার পতাকা) আমার হাতে দেওয়া হবে। আর সব নবী-রাসূল আমার সেই পতাকাতলে হবেন। এ কথা প্রসিদ্ধ এবং সর্বজন বিদিত যে, পতাকা সেনাদের প্রধান সেনাপতির হাতে দেওয়া হয়। আর বাকি সৈন্যরা তাঁর অধীনস্ত হয়। সুতরাং কিয়ামতের দিন আল্লাহ্ তা'আলার নিকট হতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর হাতে পতাকা দেওয়া এবং হযরত আদম (আ) হতে শুরু করে হযরত ঈসা (আ) পর্যন্ত সব নবী তাঁর সেই পতাকাতলে হওয়া, আল্লাহ, তা'আলার নিকট হতে সব নবী (আ)-এর ওপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর সরদারী ও শ্রেষ্ঠত্বের এরূপ প্রকাশ হবে যা প্রত্যেক দর্শক নিজ নিজ চোখে দেখতে পাবে।

এ বাণীতেও রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ্ তা'আলার প্রতিটি নি'আমত উল্লেখ করার পর এটাও বলেছেন যে, وَلَا فَخْرَ অর্থাৎ আল্লাহ্ তা'আলার এই নি'আমতরাজির উল্লেখ আমি গর্ব হিসাবে করছি না, বরং তাঁর নির্দেশ পালনার্থে নি'আমতের উল্লেখ ও কৃতজ্ঞতা জ্ঞাপনস্বরূপ এবং তোমাদের অবগতির জন্য করছি।

এই لِوَاءُ الْحَمْدِ (প্রশংসার পতাকা) যা কিয়ামতের দিন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম-এর হাতে দেওয়া হবে, সেই বাস্তব ঘটনার চিহ্ন ও এর ঘোষণা হবে যে, যে মহান বান্দার হাতে আল্লাহ্ তা'আলার প্রশংসার এই পতাকা রয়েছে, আল্লাহ্ তা'আলার প্রশংসা বর্ণনার কাজে তাঁর অংশ সর্বাধিক। আল্লাহ্ তা'আলার প্রশংসা স্বয়ং তাঁর জীবনের সার্বক্ষণিক ওয়াযীফা ছিল। দিন-রাতের নামাযসমূহে বার বার আল্লাহর প্রশংসা, উঠা-বসায় আল্লাহর প্রশংসা, খাওয়ার পর আল্লাহর প্রশংসা, পানি পান করার পর আল্লাহর প্রশংসা, নিদ্রা যাওয়ার পূর্বে এবং নিদ্রা হতে জাগত হওয়ার পর আল্লাহর প্রশংসা, স্বাদ ও আনন্দের সর্বস্থানে আল্লাহর প্রশংসা, আল্লাহ্ তা'আলার যে কোন নি'আমত অনুভবের সময় তাঁর প্রশংসা, এমন কি হাঁচি আসার ওপর আল্লাহর প্রশংসা, ইস্তিনজা থেকে মুক্ত হওয়ার পর আল্লাহর প্রশংসা, (এসব স্থানে রাসূলুল্লাহ সাল্লাল্লও আলাইহি ওয়া সাল্লাম-এর নিকট হতে যে সব দু'আ প্রমাণিত তাঁর সবগুলোতে আল্লাহ্ তা'আলার প্রশংসাই রয়েছে।) এরপর তিনি তাঁর উম্মতকে অধিক গুরুত্বের সাথে এই কার্যপ্রণালীর দিক নিদের্শনারও শিক্ষাদান করেন, যার ফলস্বরূপ নিঃসন্দেহে আল্লাহ্ তা'আলার এত প্রশংসা হয়েছে এবং কিয়ামত পর্যন্ত হবে, যার হিসাব কেবল আল্লাহ্ তা'আলাই জানেন। এজন্য নিঃসন্দেহে তিনিই এর উপযুক্ত যে, لِوَاءُ الْحَمْدِ (প্রশংসার পতাকা) কিয়ামতের দিন তাঁর হাতে দেওয়া হবে। আর এর মাধ্যমে তাঁর সেই বৈশিষ্ট্য ঘোষণা ও প্রকাশ করা হবে।
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَبَارَكَ وَسَلَّمَ
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান