মা'আরিফুল হাদীস

কিয়ামতের আলামতসমূহ অধ্যায়

হাদীস নং: ৭৭
কিয়ামতের আলামতসমূহ অধ্যায়
কিয়ামতের আলামতসমূহ: কিয়ামতের সাধারণ আলামতসমূহ
৭৭. হযরত আবূ হুরাইরা (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ (এরূপ সময় না আসবে) যে, মাল অধিক হবে, আর তা ভেসে ভেসে ফিরবে, এমনকি (অবস্থা এই দাঁড়াবে যে,) এক ব্যক্তি নিজের মালের যাকাত বের করবে আর সে পাবে না এরূপ (ফকির, মিস্কিন, অভাবী লোক) যে তার থেকে যাকাত গ্রহণ করবে। আর আরবের মাটি (বর্তমানে যার অধিকাংশ পানি ও তরুলতা শূন্য) সবুজ শ্যামল চারণভূমি হবে। নদী নালা হবে। (সহীহ মুসলিম)
کتاب علاماتِ قیامت
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى يَكْثُرَ الْمَالُ وَيَفِيضَ حَتَّى يَخْرُجَ الرَّجُلُ بِزَكَاةِ مَالِهِ فَلاَ يَجِدُ أَحَدًا يَقْبَلُهَا مِنْهُ وَحَتَّى تَعُودَ أَرْضُ الْعَرَبِ مُرُوجًا وَأَنْهَارًا. (رواه مسلم)

হাদীসের ব্যাখ্যা:

বিগত অর্ধ শতাব্দীর মধ্যে আরব দেশগুলোতে পেট্রোল আবিষ্কারের পর উন্নয়নের বিপ্লব এসেছে। সমতল মাঠ ও মরুভূমিকে কৃষি ক্ষেত্র ও বাগ-বাগিচায় রুপান্তর করতে এবং খাল খননের যে বাস্তব চেষ্টা চলছে নিংসন্দেহে এটা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর বাণীর বাস্তব প্রকাশ। যখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ কথা বলেছিলেন, তখন এ জাতীয় বিষয় কল্পনাও করা যেত না। অথচ আল্লাহ্ তা'আলা তাঁর ওপর প্রতিভাত করেছিলেন যে, এক সময় এরূপ বিপ্লব সাধিত হবে। তাই তিনি উম্মতকে এই সংবাদ দিয়েছিলেন। সাহাবা কিরাম কেবল শুনেছিলেন। আর আমাদের যুগে দৃষ্টিগোচর হচ্ছে। নিঃসন্দেহে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর এ জাতীয় সংবাদ তাঁর মু'জিযা ও তাঁর নবুওতের দলীলস্বরূপ।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান