মা'আরিফুল হাদীস

বিপর্যয় ও ফিতনা অধ্যায়

হাদীস নং: ৬৭
বিপর্যয় ও ফিতনা অধ্যায়
উম্মতে সৃষ্টি লাভকারী ফিতনাসমূহের বর্ণনা
৬৭. হযরত আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, অন্ধকার রাতের অংশগুলোর ন্যায় একের পর এক ফিতনাসমূহ আসার পূর্বেই নেক কাজে তাড়াতাড়ি কর। অবস্থা এই দাঁড়াবে সকালবেলা মানুষ মু'মিন হবে আর সন্ধ্যাবেলা কাফির হবে। আর সন্ধ্যাবেলা মু'মিন হবে এবং সকালবেলা কাফির হবে, আর দুনিয়ার সল্প সম্পদের জন্য তারা দীন ও ঈমান বিক্রি করে দেবে। (সহীহ, মুসলিম)
کتاب الفتن
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: بَادِرُوا بِالأَعْمَالِ فِتَنًا كَقِطَعِ اللَّيْلِ الْمُظْلِمِ يُصْبِحُ الرَّجُلُ مُؤْمِنًا وَيُمْسِي كَافِرًا أَوْ يُمْسِي مُؤْمِنًا وَيُصْبِحُ كَافِرًا يَبِيعُ دِينَهُ بِعَرَضٍ مِنَ الدُّنْيَا. (رواه مسلم)

হাদীসের ব্যাখ্যা:

রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর ওপর প্রতিভাত করা হয়েছিল, তাঁর উম্মতের ওপর এরূপ অবস্থাসমূহও আসবে যে, রাতের অন্ধকারের ন্যায় বিভিন্ন প্রকার ফিতনা ক্রমান্বয়ে ছড়িয়ে পড়বে। এসব ফিতনার কারণে অবস্থা এরূপ দাঁড়াবে, এক ব্যক্তি আকীদা ও আমলের দিক থেকে খাঁটি মু'মিন ও মুসলমান হিসাবে সকালবেলা উঠবে কিন্তু সন্ধ্যা আগমনের পূর্বেই কোন গোমরাহী কিংবা মন্দ কাজে জড়িত হয়ে নিজের দীন ও ঈমান নষ্ট করে দেবে।

গোমরাহী আন্দোলন ও দাওআতের আকৃতিতে এ ফিতনাসমূহ আসতে পারে এবং আসছে। আর ধন-দৌলত কিংবা-নেতৃত্বের অভিলাষ ও অন্যান্য আত্মিক প্রবৃত্তির আকৃতিতেও আসতে পারে। হাদীসের শেষ বাক্য يَبِيْعُ دِيْنَهُ بِعَرَضَ مَن الدُّنيا (দুনিয়ার স্বল্প সম্পদের জন্য নিজের দীন বিক্রি করে দেবে) এ কথার সুস্পষ্ট ইঙ্গিত যে, হাদীসের উদ্দেশ্য এটা নয়, মানুষ সত্য দীন ইসলামের অস্বীকারকারী হয়ে মিল্লাত পরিত্যগ করে খাঁটি কাফির হয়ে যাবে। বরং তার মধ্যে এই সব নমুনা প্রবেশ করবে যে, এর ফলে মানুষ দুনিয়ার জন্য (যার মধ্যে মাল-সম্পদ নেতৃত্বের অভিলাষ এবং বিভিন্ন প্রকার আত্মিক উদ্দেশ্যাবলি অন্তর্ভুক্ত) দীনকে অর্থাৎ আল্লাহ্ ও রাসূলের নির্দেশাবলিকে দৃষ্টির আড়াল করবে। এভাবে দুনিয়া অন্বেষণে আখিরাত ভুলে যাওয়া এবং সর্বপ্রকার ফাসিকী ও গুনাহ্ এর অন্তর্ভুক্ত, যা কার্যত কুষ্ণ।

যে ভাবে বার বার বলা হয়েছে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর এ জাতীয় বাণীসমূহের সম্বোধিত ব্যক্তিবর্গ যদিও প্রকাশ্যে সাহাবা কিরামই থাকতেন, প্রকৃতপক্ষে এসব সম্বোধিত ব্যক্তিবর্গ তাঁর সর্ব যুগের উম্মত। তাঁর এই বার্তা ও উপদেশের মোদ্দাকথা হচ্ছে, প্রত্যেক মু'মিন ঈমান ধ্বংসকারী আগমনী ফিতনাসমূহ থেকে সাবধান থাকবে এবং সৎ কাজে অগ্রণী ও তাড়াতাড়ি করবে। এরূপ যেন না হয় যে, কোন ফিতনায় জড়িত হয়ে পড়বে। এরপর ভাল কাজের ক্ষমতাই থাকবে না। বস্তুত যদি উত্তম কাজ করতে থাকে তবে সে এরূপ উপযুক্ত হবে যে, আল্লাহ্ তা'আলা এ জাতীয় ফিতনাসমূহ থেকে তাকে হিফাযত করবেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান