মা'আরিফুল হাদীস

মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়

হাদীস নং: ৪৬৪
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
আল্লাহর ওয়াস্তে ওয়াকফ
৪৬৪. হযরত সা’দ ইবনে উবাদা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ ﷺ-এর খিদমতে উপস্থিত হয়ে বললাম, ইয়া রাসূলাল্লাহ! আমার আম্মা ইনতিকাল করেছেন (আমি তাঁর জন্য কিছু সদকা করতে চাই)। কোন সাদকা বেশি উত্তম ও পুণ্যের উসিলা হবে? তিনি বললেন, পানি। (অর্থাৎ কোথাও কুয়া তৈরী করে দেওয়া এবং ওয়াকফ করে দেওয়া যাতে আল্লাহর বান্দাগণ নিজেদের পানি পান করা ও অন্যান্য প্রয়োজনে পানি লাভ করতে পারে)। সুতরাং তিনি এক কুয়া খনন করে বললেন, এটা আমার মা উম্মে সা'দের জন্য। (এর সওয়াব তাঁর নিকট পৌঁছতে থাকুক)। (আবু দাউদ, নাসাঈ)
کتاب المعاشرت والمعاملات
عَنْ سَعْدِ بْنِ عُبَادَةَ قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ إِنَّ أُمِّيْ مَاتَتْ فَأَيُّ الصَّدَقَةِ أَفْضَلُ؟ قَالَ: الْمَاءُ. قَالَ فَحَفَرَ بِئْرًا وَقَالَ هَذِهِ لأُمِّ سَعْدٍ. (رواه ابوداؤد والنسائى)

হাদীসের ব্যাখ্যা:

কোন কোন বর্ণনায় এ ঘটনার বিস্তারিত এভাবে বর্ণনা করা হয়েছে যে, হযরত সাদ ইবনে উবাদার মার যখন ইনতিকাল হয় তিনি তখন সফরে ছিলেন, সফর থেকে ফেরার পথে হজুর ﷺ-এর খিদমতে উপস্থিত হয়ে বললেন, আমার অনুপস্থিতিতে আমার মা ইনতিকাল করেছেন। আমার ধারণা আমি যদি নিকটে থাকতাম তবে তিনি তাঁর আখেরাতের জন্য সাদকা ইত্যাদির ওসীয়ত করতেন। যেমন আমি তাঁর ঈসালে সওয়াবের জন্য সাদকা করতে চাই, তাই কোন জাতীয় সাদকা উত্তম ও তাঁর জন্য বেশি সওয়াবের কারণ হবে?

তিনি তাঁকে কুয়া তৈরি করে দেওয়ার পরামর্শ দিলেন। সুতরাং চাহিদা রয়েছে এমন স্থানে তিনি কুয়া তৈরি করে তাঁর মা'র ইসালে সওয়াবের জন্য ওয়াক্ফ করে দিলেন। কোন বর্ণনায় বাগান ওয়াকফ-এর উল্লেখ রয়েছে। হতে পারে উক্ত বাগানে কূপ ছিল।

রাসুলুল্লাহ ﷺ-এর যুগে তাঁর উপদেশে ওয়াকফ করার এটা দ্বিতীয় ঘটনা। এ থেকে এটাও জানা গেল যে, কোন মৃত ব্যক্তির কবরে সওয়াব পৌঁছাবার নিয়তে কোন নেকীর কাজ করা সঠিক এবং সওয়াব পৌঁছাবার দর্শনও সঠিক। নীতিগতভাবে এ ব্যাপারে আহলে সুন্নাতের উলামা একমত।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান