মা'আরিফুল হাদীস

মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়

হাদীস নং: ৪৫০
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
ছিনতাই (কারো জিনিস অন্যায়ভাবে গ্রহণ করা)
৪৫০. হযরত জাবির (রা) থেকে বর্ণিত। রাসুলুল্লাহ ﷺ ও তাঁর কতিপয় সাহাবী এক মহিলার নিকট দিয়ে গমন করছিলেন। (সে মহিলা তাঁকে খাবার দাওয়াত দিলে তিনি তা কবুল করেন)। মহিলা একটি বকরি যবেহ করলেন, খানা তৈরি করলেন। (তাঁর ও তাঁর সাথীদের সামনে খানা পেশ করলেন)। তিনি এক লোকমা নিলেন, কিন্তু গিলতে সক্ষম হলেন না। তিনি বললেন, (ঘটনায় মনে হচ্ছে) এ বকরি প্রকৃত মালিকের অনুমতি ছাড়া যবেহ করা হয়েছে। মহিলা বললেন, আমরা (আমাদের প্রতিবেশী) মু'আয পরিবারের সাথে কোন লৌকিকতা করব না। আমরা তাদের জিনিস গ্রহণ করি, তারাও আমাদের জিনিস গ্রহণ করে। (আহমদ)
کتاب المعاشرت والمعاملات
عَنْ جَابِرٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: مَرُّوا بِأَصْحَابِهِ، فَذَبَحَتْ لَهُمْ شَاةً، وَاتَّخَذَتْ لَهُمْ طَعَامًا، فَأَخَذَ لُقْمَةً، فَلَمْ يَسْتَطِعْ أَنْ يُسِيغَهَا، فَقَالَ: «هَذِهِ شَاةٌ ذُبِحَتْ بِغَيْرِ إِذْنِ أَهْلِهَا» ، فَقَالَتِ الْمَرْأَةُ: يَا نَبِيَّ اللَّهِ، إِنَّا لَا نَحْتَشِمُ مِنْ آلِ مُعَاذٍ، نَأْخُذُ مِنْهُمْ، وَيَأْخُذُونَ مِنَّا. (رواه احمد)

হাদীসের ব্যাখ্যা:

দাওয়াত প্রদানকারী মহিলার উত্তরে জানা গেল যে, ঘটনা এরূপই ছিল যে, বকরিটি প্রতিবেশী মু'আয পরিবারের ছিল। আর পারস্পরিক সম্পর্ক, প্রচলন ও প্রথার কারণে তাঁদের থেকে অনুমতি গ্রহণের প্রয়োজন মনে করা হয়নি। বকরিটি যবেহ করে খানা তৈরি করে রাসূলুল্লাহ ﷺ ও তাঁর সাথীদের সামনে তা পেশ করেন। কিন্তু যখন তিনি প্রথম লোকমা ওঠালেন তখন তাঁর স্বাভাবিক প্রবণতা তা গ্রহণ করেনি। সে গ্রাস তিনি হলকুমের ভিতরে নিতে পারেন নি। তাঁর প্রতি এটা প্রতিভাত করা হল যে, এ বকরি প্রকৃত মালিকের অনুমতি ছাড়া যবেহ করা হয়েছে।

যেভাবে আল্লাহ তা'আলা পানাহারের জিনিসের ব্যাপারে সাধারণ মানুষকে একটি স্বাদ ও অনুভূতি দিয়েছেন, যার ফলে তিক্ত বিস্বাদ জিনিস খাওয়া ও গলধঃকরণ করা কঠিন হয়ে পড়ে, অনুরূপভাবে তিনি তাঁর বিশেষ বান্দাদের, যাদেরকে অবৈধ খাদ্য থেকে রক্ষা করতে চান তাদের এমন অনূভুতি দেন যে অবৈধ খাদ্য না তারা খেতে পারেন, আর না তাদের গলধঃকরণ হয়

উল্লিখিত ঘটনায় রাসুলুল্লাহ ﷺ-এর গ্রাস মুখে লওয়া সত্ত্বেও খেতে না পারা আল্লাহ তা'আলার এই বিশেষ দানের বহিঃপ্রকাশ ছিল। উম্মতের কোন কোন ওলী আল্লাহ থেকেও এ জাতীয় ঘটনা বর্ণিত আছে। এটা আল্লাহর দান যাকে ইচ্ছা দান করেন।

এ ঘটনায় একথা বিশেষভাবে প্রণিধানযোগ্য যে, বকরিটি চুরির ছিল না লুণ্ঠিতও ছিল না। বরং পারস্পরিক আস্থা, সম্পর্ক ও প্রচলনের কারণে অনুমতি গ্রহণের প্রয়োজন মনে করা হয়নি। এ অবস্থায়ই যবেহ করা হয়েছিল। এতদসত্ত্বেও তাতে এরূপ পঙ্কিলতা ও দোষ-ত্রুটি সৃষ্টি হয়েছিল যে, রাসুলুল্লাহ ﷺ খেতে ও গলাধঃকরণ করতে সক্ষম হননি। এতে শিক্ষা রয়েছে যে, অন্যের জিনিস অনুমতি ছাড়া লওয়া ও ব্যবহারের ক্ষেত্রে কত সতর্কতা অবলম্বন করা চাই।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান