মা'আরিফুল হাদীস
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
হাদীস নং: ৪৩৬
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
ব্যবসায়-বাণিজ্যে কাউকে প্রতিনিধি নিযুক্ত করাও বৈধ
৪৩৬. হযরত 'উরওয়া ইবনে আবুল জা'আদ আল-বারিকী (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ তাঁকে একটি বকরি ক্রয়ের জন্যে এক দীনার দিলেন। তিনি তাঁর জন্য দুটি বকরি ক্রয় করলেন। তন্মধ্যে একটি বকরি এক দীনারে বিক্রি করে দিলেন। ফেরত এসে তিনি একটি বকরি ও একটি দীনার তাঁকে দিলেন। (এবং ঘটনা বর্ণনা করলেন) তখন তিনি তাঁর জন্যে (বিশেষভাবে) ক্রয়-বিক্রয়ে বরকতের জন্য দু'আ করলেন। বর্ণনাকারী বলেন, এ দু'আর ফলে তার অবস্থা এরূপ দাঁড়ায় যে, তিনি যদি মাটিও ক্রয় করতেন তবে তাতেও তার লাভ হত। (বুখারী)
کتاب المعاشرت والمعاملات
عَنْ عُرْوَةَ بْنِ أَبِي الْجَعْدِ الْبَارِقِىّ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَعْطَاهُ دِينَارًا لِيَشْتَرِيَ شَاةً، فَاشْتَرَى لَهُ شَاتَيْنِ فَبَاعَ إِحْدَاهُمَا بِدِينَارٍ وَأَتَاهُ بِشَاةٍ وَدِينَارٍ، فَدَعَى لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بَيْعِهِ بِالْبَرَكَةِ، فَكَانَ لَوِ اشْتَرَى تُرَابًا لَرَبِحَ فِيهِ. (رواه البخارى)
হাদীসের ব্যাখ্যা:
উরওয়া ইব্ন আবুল জা'আদ আল বারিকী রাযি. বকরির এই ক্রয়-বিক্রয় রাসুলুল্লাহ ﷺ-এর পক্ষ হতে প্রতিনিধি হিসাবে করেছিলেন। এতে জানা গেল যে, এরূপ কাজ বৈধ। যেহেতু পূর্বে ক্রয়কৃত দুই বকরি থেকে একটি হজুর ﷺ-এর অনুমতি ছাড়া বিক্রি করে ছিলেন, আর হজুর ﷺ তাঁর এ কাজকে ভুল ও শরীয়তের পরিপন্থী সাব্যস্ত করেন নি, বরং তাঁকে উৎসাহিত করেন ও দু'আ দিয়েছেন। সুতরাং এ থেকে এটা জানা গেল যে, প্রতিনিধি তার নিয়োগকর্তার জিনিস তার অনুমতি ছাড়াও বিক্রি করতে পারে। আর যদি নিয়োগকর্তা তা গ্রহণ করে নেয় তবে ক্রয়-বিক্রয় বৈধ ও চালু হবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)