মা'আরিফুল হাদীস

মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়

হাদীস নং: ৪৩৫
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
বাসস্থান ইত্যাদি সম্পদ বিক্রি সম্পর্কে একটি দরদমিশ্রিত হিদায়াত
৪৩৫. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেন, আল্লাহ তাআলা বলেছেন, যে দু'ব্যক্তি অংশীদারিত্বের ব্যবসা করে, আমি তৃতীয় হিসাবে তাদের সাথে থাকি (অর্থাৎ আমার রহমত ও বরকত তাদের সাথে থাকে) যতক্ষণ পর্যন্ত কেউ তার সাথীর অধিকারে খিয়ানত না করে। কেউ যখন খিয়ানত করে তখন আমি তাদের থেকে পৃথক হয়ে যাই। (এবং তারা আমার সাহায্য ও বরকত থেকে বঞ্চিত হয়)। (আবু দাউদ)
کتاب المعاشرت والمعاملات
عَنْ أَبِي هُرَيْرَةَ، رَفَعَهُ: " إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يَقُولُ: أَنَا ثَالِثُ الشَّرِيكَيْنِ مَا لَمْ يَخُنْ أَحَدُهُمَا صَاحِبَهُ، فَإِذَا خَانَهُ خَرَجْتُ مِنْ بَيْنِهِمَا " (رواه ابوداؤد والترمذى)

হাদীসের ব্যাখ্যা:

উলামা ও লিখক বৃন্দের পরিভাষা অনুযায়ী এটা হাদীসে কুদসী। কেননা, এতে রাসুলুল্লাহ ﷺ আল্লাহ তা'আলার বাণী উল্লেখ করেছেন। এতে আনুষাঙ্গিক রূপে একথাও জানা গেল যে, ব্যবসা-বাণিজ্যে অংশীদারিত্ব বৈধ এবং কল্যাণের হেতুও।

ইমাম বুখারী (র) ব্যবসায়-বাণিজ্যের অংশীদারিত্বের অধ্যায়েই যুহরা ইবনে মা'বাদ তাবিঈ-এর বর্ণনায় এ ঘটনা লিপিবদ্ধ করেছেন যে, আমার দাদা আব্দুল্লাহ ইবনে হিশামকে নিয়ে তাঁর ছোট বেলায়ই তাঁর মা (যয়নব বিনতে হুমাইদ) নবী করীম ﷺ-এর নিকট উপস্থিত হন এবং আরজ করেন যে, হুযুর! আমার এ ছেলেকে বায়'আত করুন। তিনি বললেন, (هو صغير) সে-তো এখনও অল্প বয়সী। এরপর তিনি তাঁর মাথায় হাত বুলালেন ও তাঁর জন্য দু'আ করলেন। (যুহরা ইবনে মা'বাদ বর্ণনা করেন যে,) এরপর আমার এ দাদা আব্দুল্লাহ ইবনে হিশাম যখন ব্যবসায়-বাণিজ্য করতে লাগলেন, তখন আমি তাঁর সাথে বাজার ও আড়তে যেতাম। তখন অধিকাংশ সময় এরূপ হত যে, তিনি ব্যবসার জন্য খাদ্যশস্য ক্রয় করতেন; এমতাবস্থায় হযরত আব্দুল্লাহ ইবনে উমর ও আব্দুল্লাহ ইবনে যুবাইর (উভয়ই মর্যাদাবান সাহাবী) তাঁর সাথে সাক্ষাত করে বলতেন, আমাদেরকেও শরীক করুন, অংশীদার করে নিন। কেননা রাসূলুল্লাহ ﷺ আপনার জন্য কল্যাণের দু'আ করেছেন। (তাই এ দু'আর কল্যাণে ইন্‌শাআল্লাহ খুব লাভ হবে)। আমার দাদা আব্দুল্লাহ ইবনে হিশাম পণ্যদ্রব্যে এই দুই সাহাবীকেও শরীক করে নিতেন। তখন অধিকাংশ সময় এত লাভ হতো যে, পূর্ণ এক উট খাদ্যশস্য লাভ হিসাবে বেঁচে যেত, যা তাঁরা নিজেদের ঘরে পাঠিয়ে দিতেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান