মা'আরিফুল হাদীস

মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়

হাদীস নং: ২৯২
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
রাসূলুল্লাহ (ﷺ)-এর পোশাক
২৯২. হযরত আসমা বিনতে আবূ বকর রাযি. থেকে বর্ণিত, তিনি একটি কিসরাওয়ানী জুব্বা বের করে দেখালেন, যার প্লেট ছিল রেশমের এবং উভয় পাটের কিনারাতেও রেশম লাগানো ছিল। হযরত আসমা বলেন, এটা রাসূলুল্লাহ (ﷺ) এর জুব্বা মুবারক। এটা (আমার বোন) আয়েশার কাছে ছিল। যখন তিনি ইন্তিকাল করেন, তখন আমি এটা নিয়ে নেই। (অর্থাৎ, উত্তরাধিকার সূত্রে আমি পেয়ে যাই।) নবী করীম (ﷺ) এটা পরিধান করতেন। এখন আমরা রোগীদের জন্য এটা ধুই এবং এর (পানি ব্যবহার করে) আরোগ্য লাভ করি। -মুসলিম
کتاب المعاشرت والمعاملات
عَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ أَنَّهَا أَخْرَجَتْ جُبَّةَ طَيَالِسَةٍ كِسْرَوَانِيَّةٍ لَهَا لِبْنَةُ دِيبَاجٍ، وَفَرْجَيْهَا مَكْفُوفَيْنِ بِالدِّيبَاجِ، وَقَالَتْ: هَذَا جُبَّةُ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَتْ عِنْدَ عَائِشَةَ فَلَمَّا قُبِضَتْ قَبَضْتُهَا، وَكَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَلْبَسُهَا، وَنَحْنُ نَغْسِلُهَا لِلْمَرْضَى يُسْتَشْفَى بِهَا (رواه مسلم)

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীস থেকে জানা গেল যে, রাসূলুল্লাহ (ﷺ) যেভাবে রূমী জুব্বা ব্যবহার করেছেন, (যার উল্লেখ উপরের হাদীসে এসেছে।) তেমনিভাবে তিনি কিসরাওয়ানী জুব্বাও ব্যবহার করেছেন। (যার সম্বন্ধ কোন কারণে পারস্য সম্রাট কিসরার দিকে করা হত।) আর একথাও জানা গেল যে, এর প্লেট ও হাতায় রেশমের বর্ডার ছিল- যার প্রচলন ঐ যুগে ছিল।

এখানে এ বিষয়টি প্রণিধানযোগ্য যে, অন্য কোন কোন হাদীসের ব্যাখ্যায় বলা হয়েছে যে, রেশমের বর্ডার দু'চার আঙ্গুল তো পুরুষদের জন্য জায়েয রয়েছে, কিন্তু এর অধিক জায়েয নেই। তাই নিশ্চিতভাবে ধরে নিতে হবে যে, এই কিসরাওয়ানী জুব্বার বর্ডার এ সীমার মধ্যে ছিল। আরেকটি বিশেষ কথা এ হাদীস দ্বারা এই জানা গেল যে, সাহাবায়ে কেরামের আমলেই রাসূলুল্লাহ (ﷺ)-এর ব্যবহৃত কাপড় দ্বারা এ বরকতও লাভ করা হত যে, এগুলোর ধোয়া পানি আরোগ্য লাভের আশায় রোগীদেরকে পান করানো হত অথবা তাদের গায়ে ছিটিয়ে দেওয়া হত।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান