মা'আরিফুল হাদীস
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
হাদীস নং: ২৭৪
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
অহংকারসুলভ পোশাকের নিষিদ্ধতা ও এ ব্যাপারে কঠোর সতর্কবাণী
২৭৪. হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি গর্বভরে নিজের কাপড় ঝুলিয়ে পরে, আল্লাহ্ তা'আলা কিয়ামতের দিন তার প্রতি তাকাবেন না। (একথা শুনে) হযরত আবু বকর রাযি. বললেন, ইয়া রাসূলাল্লাহ! আমি ভালোভাবে লক্ষ্য না রাখলে আমার লুঙ্গি নীচে ঝুলে যায়। রাসূলুল্লাহ (ﷺ) তখন বললেন, তুমি তাদের মধ্যে নও, যারা অহংকারের মানসিকতায় এরূপ করে। -বুখারী
کتاب المعاشرت والمعاملات
عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ جَرَّ ثَوْبَهُ خُيَلاَءَ، لَمْ يَنْظُرِ اللَّهُ إِلَيْهِ يَوْمَ القِيَامَةِ» فَقَالَ أَبُو بَكْرٍ: إِزَارِىْ يَسْتَرْخِي، إِلَّا أَنْ أَتَعَاهَدَهُ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّكَ لَسْتَ مِمَّنْ يَّفْعَلُهُ خُيَلاَءَ» (رواه البخارى)
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীস দ্বারা স্পষ্টভাবে জানা গেল যে, যদি কারো লুঙ্গি অথবা পাজামা অসাবধানতার কারণে গিরার নীচে চলে যায়, তাহলে এটা গুনাহর বিষয় নয়। উলামায়ে কেরাম লিখেছেন যে, যদি লুঙ্গি অথবা পাজামা অহংকারের মানসিকতায় গিরার নীচে পরা হয়, তাহলে এটা হারাম এবং এর উপরই জাহান্নামের শাস্তির কথা বলা হয়েছে। আর যদি কেবল অভ্যাস হিসাবে হয়, তাহলে মাকরূহ। আর যদি অজ্ঞাতসারে ও বেখেয়ালীর কারণে এমন হয়ে যায়, তাহলে এর উপর কোন গুনাহ ও তিরস্কার নেই, এটা ক্ষমাযোগ্য।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)