মা'আরিফুল হাদীস

মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়

হাদীস নং: ২৭৩
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
অহংকারসুলভ পোশাকের নিষিদ্ধতা ও এ ব্যাপারে কঠোর সতর্কবাণী
২৭৩. হযরত আবু সাঈদ খুদরী রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)কে বলতে শুনেছি: মু'মিন বান্দার লুঙ্গি পরার (উত্তম) নিয়ম হচ্ছে এই যে, এটা নিসফেসাক (অর্থাৎ, পায়ের নলার মধ্যবর্তী অংশ) পর্যন্ত থাকবে। নিসফেসাক থেকে পায়ের গিরা পর্যন্ত থাকলেও কোন গুনাহ নেই। আর এর নীচে হলে (এর ফল হবে) জাহান্নাম। কথাটি তিনি তিনবার বললেন। (তারপর বললেন,) আল্লাহ্ তা'আলা কিয়ামতের দিন ঐ ব্যক্তির দিকে তাকাবেন না, যে অহংকার বশত নিজ লুঙ্গি ঝুলিয়ে পরে। -আবূ দাউদ, ইবনে মাজাহ
کتاب المعاشرت والمعاملات
عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِىِّ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِزْرَةُ الْمُؤْمِنِ إِلَى أَنْصَافِ سَاقَيْهِ، لَا جُنَاحَ عَلَيْهِ مَا بَيْنَهُ وَبَيْنَ الْكَعْبَيْنِ، وَمَا أَسْفَلَ مِنَ الْكَعْبَيْنِ فِي النَّارِ» . قَالَ: ذَالِكَ ثَلَاثَ مَرَّاتٍ «وَلَا يَنْظُرُ اللَّهُ إِلَى مَنْ جَرَّ إِزَارَهُ بَطَرًا» (رواه ابوداؤد وابن ماجه)

হাদীসের ব্যাখ্যা:

এসব হাদীসে গর্ব ও অহংকারের লেবাস পরিধানকারীদেরকে এ সতর্কবাণী শুনানো হয়েছে যে, কিয়ামতের ঐ দিনে- যে দিন প্রতিটি বান্দা দয়াময় প্রভুর করুণা দৃষ্টির মুখাপেক্ষী ও আকাঙ্ক্ষী হয়ে থাকবে, সে দিন তারা তাঁর কৃপাদৃষ্টি থেকে বঞ্চিত থাকবে। আল্লাহ্ তা'আলা সেদিন তাদেরকে সম্পূর্ণ উপেক্ষা করবেন, তাদের দিকে ফিরেও তাকাবেন না। এটা কত বড় দুর্ভাগ্যের কথা। اللهم احفظنا
হযরত আবু সাঈদ খুদরী রাযি.-এর হাদীস থেকে একথাও জানা গেল যে, মু'মিনের জন্য উত্তম ও ভালো এটাই যে, লুঙ্গি (তেমনিভাবে পাজামা) নিসফেসাক পর্যন্ত থাকবে, আর গিরার উপর পর্যন্ত হলেও এটা জায়েয। কিন্তু এর নীচে জায়েয নেই; বরং কঠিন গুনাহ এবং এর উপর জাহান্নামের ধমকি রয়েছে। তবে এই ধমকি ঐ অবস্থায় প্রযোজ্য, যখন এর কারণ গর্ব ও অহংকারের মানসিকতা হয়। সামনের হাদীসে একথাটি অত্যন্ত স্পষ্টভাবে উল্লেখিত রয়েছে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান