মা'আরিফুল হাদীস

মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়

হাদীস নং: ২৩৮
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
খাওয়ার আগে আল্লাহকে স্মরণ করা ও তাঁর নাম নেওয়া চাই
২৩৮. হযরত আয়েশা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তোমাদের কেউ যখন খানা খাওয়ার ইচ্ছা করে, তখন সে যেন আল্লাহর নাম স্মরণ করে (অর্থাৎ, 'বিসমিল্লাহ' পড়ে নেয়।) আর যদি শুরুতে 'বিসমিল্লাহ' বলা ভুলে যায়, তাহলে যেন বলে নেয় : بِسْمِ اللَّهِ أوَّلَه وآخرَه -আবূ দাউদ, তিরমিযী
کتاب المعاشرت والمعاملات
عَنْ عَائِشَةَ قَالَتْ قَالَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَكَلَ أَحَدُكُمْ فَلْيَذْكُرِ اسْمَ اللَّهِ تَعَالَى فَإِنْ نَسِيَ أَنْ يَذْكُرَ اسْمَ اللَّهِ تَعَالَى فِي أَوَّلِهِ فَلْيَقُلْ بِسْمِ اللَّهِ أَوَّلَهُ وَآخِرَهُ. (رواه ابوداؤد والترمذى)

হাদীসের ব্যাখ্যা:

এ কথা স্পষ্ট যে, আল্লাহর পবিত্র নাম নেওয়া বরকতের কারণ হয়। অন্যান্য হাদীসে যেমন স্পষ্টভাবে এসেছে যে, এ পবিত্র নামের এটাও একটি বিশেষ তাছীর ও প্রভাব যে, এরূপ করলে শয়তান কাছে আসে না। এ জন্য ঐ খানা, যার মধ্যে আল্লাহর নাম নেওয়া হয়, সেটা শয়তানের অংশীদারিত্ব ও অনিষ্ট থেকে সুরক্ষিত থাকে। তাছাড়া এই শিক্ষা ও নির্দেশের এটাও একটা উদ্দেশ্য যে, বান্দার সামনে যখন খানা আসে, তখন সে যেন এ বাস্তবতাকে স্মরণ করে যে, এ খানা আল্লাহর নেয়ামত ও তাঁর দান এবং তাঁরই অনুগ্রহে আমি এটা খাওয়ার যোগ্য হয়েছি এবং এর স্বাদ উপভোগ করছি। এভাবে খাদ্য গ্রহণের কাজটি- যা বাহ্যত একটি বস্তুগত কাজ ও পশুত্বের চাহিদায় করা হয়ে থাকে- এর সম্পর্ক আল্লাহর সাথে যুক্ত হয়ে যায় এবং এটা একটা আল্লাহমুখী ও নূরানী আমল হয়ে যায়। আর যেহেতু অনেক সময় এমনও হয়ে যায় যে, খানা শুরু করার সময় বান্দা আল্লাহর নাম নেওয়া ও বিসমিল্লাহ বলা ভুলে যায়, তাই এর জন্য রাসূলুল্লাহ (ﷺ) এ হাদীসে বলে দিয়েছেন যে, এমতাবস্থায় যখনই স্মরণ হবে, তখনই বান্দা বলে নিবে: بِسْمِ اللَّهِ أوَّلَه وآخرَه অর্থাৎ আমি আল্লাহর নামের বরকত গ্রহণ করছি শুরুতেও এবং শেষেও।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মা'আরিফুল হাদীস - হাদীস নং ২৩৮ | মুসলিম বাংলা