মা'আরিফুল হাদীস

মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়

হাদীস নং: ২১৭
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
পানীয় দ্রব্যাদির আহকাম ও বিধান: মদ হারাম হওয়ার নির্দেশ
২১৭. হযরত আবূ সাঈদ খুদরী রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, আমাদের এখানে এক ইয়াতীম বালকের কিছু মদ ছিল। যখন সূরা মায়েদার (মদ হারাম হওয়া সংক্রান্ত) আয়াতটি নাযিল হল, তখন আমি রাসূলুল্লাহ (ﷺ)কে এ ব্যাপারে জিজ্ঞাসা করলাম এবং এ কথাও বললাম যে, এ মদ এক ইয়াতীম বালকের। তিনি বললেন, এটা ফেলে দাও। -তিরমিযী
کتاب المعاشرت والمعاملات
عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِىِّ قَالَ: كَانَ عِنْدَنَا خَمْرٌ لِيَتِيمٍ فَلَمَّا نَزَلَتِ الْمَائِدَةُ سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْهُ وَقُلْتُ إِنَّهُ لِيَتِيمٍ فَقَالَ: أَهْرِيقُوهُ. (رواه الترمذى)

হাদীসের ব্যাখ্যা:

হাদীসটির মর্ম এই যে, রাসূলুল্লাহ (ﷺ) এটারও অনুমতি দিলেন না যে, এটা কোন অমুসলিমের কাছে বিক্রি করে দেওয়া হোক অথবা অন্য কোনভাবে এর দ্বারা উপকৃত হওয়া যাক। হযরত আনাস রাযি.-এর এক বর্ণনায় রয়েছে যে, মদ চূড়ান্তভাবে হারাম হওয়ার কিছু পূর্বে আবু তালহা আনসারী রাযি. তাঁর তত্ত্বাবধানে পালিত কয়েকজন ইয়াতীমের জন্য তাদের পয়সায়ই কিছু মদ কিনেছিলেন। তিনিও রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে জিজ্ঞাসা করলেন যে, এখন এটা কি করা হবে? তিনি উত্তরে বললেন, أهرق الخمر ، واكسر الدنان অর্থাৎ, এ মদ ফেলে দাও এবং যেসব পাত্রে এটা রয়েছে, ঐসব পাত্রও ভেঙ্গে ফেল।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান