মা'আরিফুল হাদীস

মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়

হাদীস নং: ২১৬
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
পানীয় দ্রব্যাদির আহকাম ও বিধান: মদ হারাম হওয়ার নির্দেশ
২১৬. হযরত আনাস রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আবূ তালহা আনসারী রাযি.-এর বাড়ীতে মদ পরিবেশন করছিলাম। এমন সময় রাসূলুল্লাহ (ﷺ) এর উপর মদ হারাম হওয়ার বিধান নাযিল হয়ে গেল। (অর্থাৎ, সূরা মায়েদার ঐ আয়াতটি নাযিল হয়ে গেল, যার মধ্যে মদকে رِجۡسٌ مِّنۡ عَمَلِ الشَّیۡطٰن বলে চূড়ান্তভাবে হারাম করে দেওয়া হয়েছে।) তিনি সাথে সাথে এক ঘোষককে এ ঘোষণা দিতে বললেন। নির্দেশ অনুযায়ী ঘোষক তাই করল। এ দিকে আবু তালহা আমাকে বললেন, তুমি বাইরে গিয়ে দেখ, এটা কিসের আওয়াজ ও কি ঘোষণা করা হচ্ছে। আমি বাইরে গেলাম এবং ফিরে এসে বললাম যে, একজন ঘোষক ঘোষণা দিচ্ছে যে, মদ হারাম করে দেওয়া হয়েছে। আবূ তালহা তখন আমাকে নির্দেশ দিলেন যে, তুমি যাও এবং এসব মদ বাইরে গিয়ে ফেলে দাও। (নির্দেশমত আমি তাই করলাম এবং মদীনার অন্যান্য বাড়ী ঘর থেকেও মদ ভাসিয়ে দেওয়া হল। ফলে) মদীনার গলিতে মদ প্রবাহিত হতে লাগল। আনাস রাযি. বলেন, সে সময়কার মদকে 'ফযীখ' বলা হত।
তখন কিছু লোক বলল যে, আল্লাহর অনেক বান্দা এ অবস্থায় শহীদ হয়েছে যে, মদ তাদের পেটে ছিল। (তাই তাদের কি পরিণাম হবে?) এ পরিপ্রেক্ষিতে আল্লাহ্ তা'আলা এ আয়াত নাযিল করলেন:
لَیۡسَ عَلَی الَّذِیۡنَ اٰمَنُوۡا وَعَمِلُوا الصّٰلِحٰتِ جُنَاحٌ فِیۡمَا طَعِمُوۡۤا
(যার অর্থ এই যে, যেসব লোক মদকে চূড়ান্ত পর্যায়ে হারাম ঘোষণার পূর্বে এ দুনিয়া থেকে বিদায় নিয়ে গিয়েছে, আর তাদের জীবন ঈমান, নেক আমল ও তাকওয়ার উপর প্রতিষ্ঠিত ছিল, পূর্বেকার সময়ের পানাহারের ব্যাপারে তাদের কোন জিজ্ঞাসাবাদ করা হবে না। -বুখারী, মুসলিম
کتاب المعاشرت والمعاملات
عَنْ أَنَسٍ قَالَ: كُنْتُ سَاقِيَ الْقَوْمِ فِي مَنْزِلِ أَبِي طَلْحَةَ فَنَزَلَ تَحْرِيمُ الْخَمْرِ، فَأَمَرَ مُنَادِيًا فَنَادَى. فَقَالَ أَبُو طَلْحَةَ اخْرُجْ فَانْظُرْ مَا هَذَا الصَّوْتُ قَالَ فَخَرَجْتُ فَقُلْتُ هَذَا مُنَادٍ يُنَادِي أَلاَ إِنَّ الْخَمْرَ قَدْ حُرِّمَتْ. فَقَالَ لِي اذْهَبْ فَأَهْرِقْهَا. قَالَ فَجَرَتْ فِي سِكَكِ الْمَدِينَةِ. قَالَ وَكَانَتْ خَمْرُهُمْ يَوْمَئِذٍ الْفَضِيخَ فَقَالَ بَعْضُ الْقَوْمِ قُتِلَ قَوْمٌ وَهْيَ فِي بُطُونِهِمْ قَالَ فَأَنْزَلَ اللَّهُ: {لَيْسَ عَلَى الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ جُنَاحٌ فِيمَا طَعِمُوا. (رواه البخارى ومسلم)

হাদীসের ব্যাখ্যা:

فضيخ 'ফযীখ' এক বিশেষ ধরনের মদ যা কাঁচা-পাকা খেজুর পাতলা টুকরা করে পানিতে ভিজিয়ে তৈরী করা হত। একটা নির্দিষ্ট সময় পার হয়ে যাওয়ার পর এতে উত্তেজনা ও নেশা সৃষ্টি হয়ে যেত। ঐ যুগে এটা একটা মধ্যম মানের মদ ছিল, যা খুব সহজেই তৈরী হয়ে যেত।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান