মা'আরিফুল হাদীস

মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়

হাদীস নং: ২১৩
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
পানাহারের আদব ও এর বিধি-বিধান
২১৩. হযরত আয়েশা রাযি. থেকে বর্ণিত, কিছু লোক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ! আমাদের এখানে এমন কিছু লোক রয়েছে যে, তাদের শিরকের যামানা খুব নিকটেই। (অর্থাৎ, এরা অল্প দিন পূর্বের নওমুসলিম, এখনও তাদের ইসলামী শিক্ষা-দীক্ষা অর্জিত হয়ে উঠেনি।) তারা আমাদের কাছে গোশত নিয়ে আসে; কিন্তু আমরা জানি না যে, যবেহ করার সময় তারা আল্লাহর নাম নেয় কি না। (এমতাবস্থায় আমরা এ গোশত খাব কি না?) তিনি বললেন, তোমরা আল্লাহর নাম নিয়ে খেয়ে নাও। -বুখারী
کتاب المعاشرت والمعاملات
عَنْ عَائِشَةَ قَالَتْ قَالُوا يَا رَسُولَ اللَّهِ إِنَّ هُنَا أَقْوَامًا حَدِيثًا عَهْدُهُمْ بِشِرْكٍ، يَأْتُونَا بِلُحْمَانٍ لاَ نَدْرِي يَذْكُرُونَ اسْمَ اللَّهِ عَلَيْهَا أَمْ لاَ. قَالَ: اذْكُرُوا أَنْتُمُ اسْمَ اللَّهِ وَكُلُوا. (رواه البخارى)

হাদীসের ব্যাখ্যা:

হাদীসটির মর্ম এই যে, অহেতুক সন্দেহে পড়তে নেই। যখন তারা মুসলমান হয়ে গিয়েছে, তখন বুঝা চাই যে, তারা আল্লাহর নাম নিয়েই যবেহ করে থাকে। এজন্য তোমরা আল্লাহর নাম নিয়ে খেয়ে নাও। এর অর্থ কখনো এই নয় যে, যদি তারা আল্লাহর নাম না নিয়েই কাফেরদের পদ্ধতিতে যবেহ করে থাকে, তাহলে তোমাদের বিসমিল্লাহ পড়াতে এখন এটা হালাল হয়ে যাবে। কুরআন পাকে স্পষ্টভাবে বলা হয়েছে: وَلَا تَاۡکُلُوۡا مِمَّا لَمۡ یُذۡکَرِ اسۡمُ اللّٰہِ عَلَیۡہِ وَاِنَّہٗ لَفِسۡقٌ অর্থাৎ যে পশু যবেহ করার সময় আল্লাহর নাম নেওয়া হয়নি এটা খেয়ো না। কেননা, এটা খাওয়া কঠিন গুনাহ। (সূরা আনআম)
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান