মা'আরিফুল হাদীস

মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়

হাদীস নং: ১৭৭
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
কবিতা ও কাব্যচর্চা
১৭৭. আমর ইবনে শারীদ স্বীয় পিতা শারীদ ইবনে সুওয়াইদ সাকাফী রাযি. থেকে বর্ণনা করেন যে, আমি (এক সফরে) রাসূলুল্লাহ (ﷺ) এর পেছনে একই বাহনে আরোহী ছিলাম। এ সময় তিনি বললেন, উমাইয়্যা ইবনে সালতের কোন কবিতা কি তোমার স্মরণ আছে? আমি বললাম, হ্যাঁ। তিনি তখন বললেন, তাহলে শুনাও। আমি তাকে একটি বয়েত শুনালাম। তিনি বললেন, আরো শুনাও। আমি আরেকটি বয়েত শুনালাম। তিনি বললেন, আরো শুনাও। আমি তখন একশ' বয়েত শুনিয়ে দিলাম। (অন্য এক বর্ণনায় এ সংযোজনও রয়েছে যে, তিনি বললেন, উমাইয়্যা তার কবিতার দিক দিয়ে ইসলামের কাছাকাছি এসে গিয়েছিল।) -মুসলিম
کتاب المعاشرت والمعاملات
عَنْ عَمْرِو بْنِ الشَّرِيدِ، عَنْ أَبِيهِ، قَالَ: رَدِفْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا، فَقَالَ: «هَلْ مَعَكَ مِنْ شِعْرِ أُمَيَّةَ بْنِ أَبِي الصَّلْتِ شَيْءٌ؟» قُلْتُ: نَعَمْ، قَالَ: «هِيهْ» فَأَنْشَدْتُهُ بَيْتًا، فَقَالَ: «هِيهْ» ثُمَّ أَنْشَدْتُهُ بَيْتًا، فَقَالَ: «هِيهْ» ثُمَّ أَنْشَدْتُهُ مِائَةَ بَيْتٍ. (رواه مسلم زاد فى رواية لقد كاد يسلم فى شعره)

হাদীসের ব্যাখ্যা:

উমাইয়্যা ইবনে সালত সাকাফীও জাহেলী যুগের একজন কবি ছিল এবং তার কবিতা আল্লাহমুখী ছিল। এ জন্যই রাসূলুল্লাহ (ﷺ) তার কবিতা পছন্দ করতেন, যেমন এ হাদীস থেকে জানা গেল। রাসূলুল্লাহ (ﷺ) তার ব্যাপারে বলেছিলেন: لقد كاد يسلم في شعره যার অর্থ এই যে, সে তার কবিতার দিক দিয়ে ইসলামের কাছাকাছি এসে গিয়েছিল। অন্য এক হাদীসে এসেছে যে, তিনি একবার তার কবিতা শুনে বলেছিলেন: آمن شعره وكفر قلبه অর্থাৎ, তার কবিতা মুসলমান হয়ে গিয়েছে; কিন্তু তার অন্তর কাফেরই রয়ে গেল। উমাইয়্যা রাসূলুল্লাহ (ﷺ)-এর যুগ পেয়েছিল এবং দ্বীনের দাওয়াতও তার কাছে পৌঁছেছিল, কিন্তু ঈমান গ্রহণের সৌভাগ্য লাভহয়নি।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মা'আরিফুল হাদীস - হাদীস নং ১৭৭ | মুসলিম বাংলা