মা'আরিফুল হাদীস
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
হাদীস নং: ১৫৪
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
মজলিস প্রধান উঠে গেলে মজলিসবাসীর দাঁড়িয়ে যাওয়া
১৫৪. হযরত আবূ হুরায়রা রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাদের সাথে মসজিদে বসতেন এবং (দ্বীনি কথাবার্তা বলতেন।) তারপর যখন তিনি (ঘরে যাওয়ার জন্য মজলিস থেকে) উঠে যেতেন, তখন আমরাও উঠে যেতাম। আমরা এতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকতাম যে, আমাদের দৃষ্টিগোচর হত যে, তিনি তাঁর কোন স্ত্রীর ঘরে প্রবেশ করে গিয়েছেন। বায়হাকী
کتاب المعاشرت والمعاملات
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: " كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَجْلِسُ مَعَنَا فِي الْمَسْجِدِ يُحَدِّثُنَا، فَإِذَا قَامَ قُمْنَا قِيَامًا حَتَّى نَرَاهُ قَدْ دَخَلَ بَعْضَ بُيُوتِ أَزْوَاجِهِ " (رواه البيهقى فى شعب الايمان)
হাদীসের ব্যাখ্যা:
সাহাবায়ে কেরামের এ কার্যধারায় রাসূলুল্লাহ (ﷺ) এর নিষেধ ও আপত্তি না করা একথার প্রমাণ বহন করে যে, তিনি এটা মেনে নিতেন। অথচ এখনই জানা হয়েছে যে, মজলিসে আগমনের সময় লোকদের দাঁড়িয়ে যাওয়াকে তিনি অপছন্দ করতেন। এ সংকলক-এর নিকট এ দু'টি অবস্থার মধ্যে পার্থক্য হচ্ছে এই যে, মজলিসে আগমনের সময় মজলিসের লোকদের দাঁড়িয়ে যাওয়া কেবল তা'যীম ও সম্মান প্রদর্শনের জন্যই হত, যা তাঁর জন্য মনঃকষ্টের কারণ হত। আর মজলিস থেকে হুযুর (ﷺ)-এর উঠে যাওয়ার সময় লোকদের দাঁড়িয়ে যাওয়া মজলিস সমাপ্ত হয়ে যাওয়ার কারণেও হত। এরপর মজলিসের লোকেরাও নিজ নিজ ঠিকানায় ফিরে যেত। এ জন্য এই সময়ে দাঁড়িয়ে যাওয়ার ব্যাপারটি তিনি মেনে নিতেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)