মা'আরিফুল হাদীস

আযকার এবং দাওয়াত অধ্যায়

হাদীস নং: ১৪৮
আযকার এবং দাওয়াত অধ্যায়
ঘর থেকে বেরোবার এবং ঘরে ফেরার সময় পড়বার দু'আসমূহ
১৪৮. হযরত আবূ মালিক আশআরী (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেছেন, যখন কোন ব্যক্তি নিজ ঘরে প্রবেশ করে তখন সে আল্লাহর দরবারে এরূপ আরয করবেঃ

اَللّٰهُمَّ أَسْئَلُكَ خَيْرَ الْمَوْلِجِ وَخَيْرَ الْمَخْرَجِ بِسْمِ اللَّهِ وَلَجْنَا وَبِسْمِ اللَّهِ خَرَجْنَا وَعَلَى اللَّهِ رَبِّنَا تَوَكَّلْنَا

"হে আল্লাহ! আমি তোমার কাছে প্রার্থনা করছি ঘরে প্রবেশের এবং ঘর থেকে বের হওয়ার মঙ্গল। (অর্থাৎ আমার ঘরে প্রবেশ ও ঘর থেকে বের হওয়া যেন মঙ্গলজনক হয়।) আমরা আল্লাহর নাম নিয়েই প্রবেশ করি আল্লাহর নাম নিয়েই বের হই এবং আমাদের প্রতিপালক আল্লাহর উপরই আমাদের সকল ভরসা।"
তারপর প্রবেশকারী ঘরের লোকজনকে সালাম দিয়ে ঘরে প্রবেশ করবে। (অর্থাৎ আসসালামু আলাইকুম বলেই ঘরে প্রবেশ করবে।)
(সুনানে আবূ দাউদ)
کتاب الاذکار والدعوات
عَنْ أَبِي مَالِكٍ الْأَشْعَرِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " إِذَا وَلَجَ الرَّجُلُ بَيْتَهُ، فَلْيَقُلْ: اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَ الْمَوْلَجِ، وَخَيْرَ الْمَخْرَجِ، بِسْمِ اللَّهِ وَلَجْنَا، وَبِسْمِ اللَّهِ خَرَجْنَا، وَعَلَى اللَّهِ رَبِّنَا تَوَكَّلْنَا، ثُمَّ لِيُسَلِّمْ عَلَى أَهْلِهِ " (رواه ابوداؤد)

হাদীসের ব্যাখ্যা:

এ তা'লীম ও হিদায়াতের মর্মকথা হচ্ছে ঘরে প্রবেশ এবং ঘর থেকে বের হওয়ার সময় বান্দার অন্তরের নজর থাকবে আল্লাহ তা'আলার উপর। তার যবানে থাকবে তাঁরই পবিত্র নাম এবং একথার দৃঢ় বিশ্বাস অন্তরে পোষণ করবে যে, প্রতিটি কল্যাণ ও বরকত তাঁরই হাতে রয়েছে। দু'আ ও প্রার্থনা করতে হবে তাঁরই সমীপে। তাঁরই দয়া-দাক্ষিণ্যের প্রতি ভরসা করতে হবে। তারপর ঘরের ছোট-বড় সকলকে সালাম দিতে হবে-যা প্রকত পক্ষে তাদের জন্যে আল্লাহর দরবারে কল্যাণ ও বরকতের দু'আরই নামান্তর।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান